২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাগ্নে নাজিমই হত্যা করেন সাংবাদিক ফরহাদকে

সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন উদ্দিন বলেছেন, টাকার জন্যই মামা-মামীকে হত্যা করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 07:07 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক ফরহাদ খাঁ ও তার স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন উদ্দিন বলেছেন, টাকার জন্যই মামা-মামীকে হত্যা করেন তিনি। নাজিমকে (৩০) সোমবার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তিনি সাংবাদিকদের সামনে স্বীকারোক্তি দেন। নাজিম বলেন, মামা ফরহাদ খাঁর গলায় ছুরি চালান তিনি। আর তার বন্ধু রাজু হত্যা করে মামী রহিমা খাঁকে। ফরহাদ খাঁর ছোট বোন নাজনীন ইতির একমাত্র ছেলে নাজিম বেকার। তার বাবা বেঁচে নেই। নাজিম জানায়, মামা ও মামীকে হত্যার পর আলমারি থেকে ২০ হাজারের বেশি টাকা, কিছু স্বর্ণালংকার এবং একটি মোবাইল ফোন সেট নিয়ে যায় তারা। হত্যার ঘটনা শুক্রবার দুপুরে জানাজানি হলে বিকালে তিনি আবার ঐ বাসায় আসেন এবং সবার সঙ্গে কান্নাকাটি করেন। পরে দাফনের জন্য লাশের সঙ্গে টাঙ্গাইলেও যান বলে নাজিম সাংবাদিকদের জানান। বিভিন্ন পাওনা পরিশোধের জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে নাজিম উল্লেখ করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "লুণ্ঠিত ৭ হাজার টাকা নাজিমের কাছে পাওয়া গেছে। বাকি টাকা দিয়ে সে মেস ও বিভিন্ন জনের পাওনা পরিশোধ করেছে।" হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি দুটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, "আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নাজিমকে সাভারের কাউন্দিয়া রমিজ মেম্বারের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এই বাড়ির একটি মেসে থাকতো নাজিম।" ঘটনার বর্ণনা দিয়ে নাজিম জানান, রাত সাড়ে ১০টার পর তিনি তার বন্ধু রাজু ওরফে অশিনকে নিয়ে ফরহাদ খাঁর বাসায় আসেন। এসময় তার কাছে ১০ কেজি চাল ছিল। এই চাল তিনি টাঙ্গাইলের গ্রামের বাড়ি থেকে আনার কথা বলেন নাজিম। অনেক রাতে বাসায় আসার কারণে তাদেরকে ড্রইংরুমে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। রহিমা খাঁ তাদের রাতের খাবার খেতে বললে তারা খেয়ে এসেছে বলে নাজিম তার মামীকে জানায়। রাত ২টার দিকে তারা উঠে আলমারির চাবি খোঁজে। কিন্তু না পেয়ে হত্যার পরিকল্পনা করে। রাজু প্রথমে হত্যার জন্য রাজি না হলেও পরে নাজিমের অনুরোধে রাজি হয় বলে জানান নাজিম। টেবিলের ওপর থেকে একটি এবং রান্নাঘর থেকে আরেকটি চাকু জোগাড় করে তারা প্রধান শয়ন কক্ষের পাশের কক্ষে ঘুমিয়ে থাকা সাংবাদিক দম্পত্তির কাছে যায়। সেখানে গিয়ে রহিমার বুকের ওপর উঠে বসে রাজু এবং ফরহাদের বুকের ওপর উঠে বসে নাজিম। তারা দুই জনই একই সময়ে দুইজনের বুকের ওপর উঠে ঘুমন্ত অবস্থায় গলায় চাকু চালিয়ে ফরহাদ দম্পত্তিকে হত্যা করে বলে নাজিম গোয়েন্দা কার্যালয়ে সাংবাদিকদের জানান। হত্যার পর আলমারির চাবি খুঁজে বের করতে তাদের প্রায় দেড় ঘণ্টা সময় লেগে যায়। আর এই সময়টা তারা ওই বাসার ভেতরেই অবস্থান করে বলে জানান উপপুলিশ কমিশনার মনিরুল ইসলাম। নাজিম জানায়, তার মামীর মাথার বালিশের ভেতর থেকে চাবি বের করে আলমারি খুলে টাকা ও স্বর্ণালংকার নেয়। ভোর ৫টার দিকে সে বাসা থেকে বের হয়ে সিএনজি অটোরিক্সা নিয়ে মেসে চলে যায়। বাসা থেকে বের হওয়ার সময় তারা চাকু দুটিও নেয় এবং অটোরিক্সায় উঠার আগে রাস্তার পাশে একটি ড্রেনে ফেলে দেয়। উপপুলিশ কমিশনার জানান, লুট করে নিয়ে যাওয়া স্বর্ণালংকারগুলো মিরপুরের একটি স্বর্ণের দোকানে বিক্রি করেছিল তারা। সেই দোকান থেকে স্বর্ণালংকার উদ্ধার ও দোকান মালিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, নাজিম ঘটনার প্রায় ১৫দিন আগে ফরহাদ খাঁর বাসায় গিয়েছিল। সে সময় সে একটি বই চুরি করে এনে বিক্রি করেছিল। এ নিয়ে পরে গালমন্দ করেছিলেন ফরহাদের স্ত্রী রহিমা। এছাড়া রহিমা ফোন করে নাজিমের মায়ের কাছে অভিযোগও করেছিলেন। ফরহাদ খাঁর সঙ্গে তার ছোট বোন নাজনিন ইতির সম্পর্ক যে খুব ভাল ছিল তা বলা যাবে না। তাদের মধ্যে পারিবারিক নানা সমস্যা রয়েছে। তবে হত্যার ঘটনার পেছনে এটা কোন কারণ নয়। শুধু টাকার জন্যই নাজিম এই হত্যার ঘটনা ঘটিয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মনিরুল। ফরহাদ খাঁর ছোট ভাই আবুল কালাম খাঁ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার ভাগ্নে নাজিম অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। সে বর্তমানে বেকার। অবশ্য কিছুদিন আগে সে একটি পোশাক কারখানায় চাকুরি করতো। তিনি তার ভাগ্নের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করে বলেন, "নাজিমের সঙ্গে যারা জড়িত তাদেরও যেনো এমন সাজা হয়।" গত শুক্রবার ৭৭, নয়া পল্টনের বাসা থেকে ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাঁয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকাণ্ডে স্বজনরা জড়িত- এমন ধারণা আগেই প্রকাশ করেছিলো পুলিশ। রোববার রাতে মিরপুর-১ নম্বর থেকে ফরহাদ খাঁর ব্যবহৃত সিমকার্ডটি উদ্ধার করে পুলিশ। ওই সময় শফিকুল ইসলাম সুজন (১৮) নামের এক কিশোরকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/কেএমএস/১৬০৮ ঘ.