গোপালগঞ্জ, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ দুইজন নিহত হয়েছেন।
কোটালীপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিউ নেশন’র কোটালীপাড়া প্রতিনিধি মনোজ দাস (৬৫) এবং কাশিয়ানীতে বাস চাপায় লুলু বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হন।
কোটালীপাড়া থানার ওসি মো. তোতা মিঞা জানান, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কে মেরী সিনেমা হলের সামনে বেলা ১২টার দিকে দ্রুতগামী একটি ট্রাক পিছন দিক থেকে মোটরসাইকেল আরোহী মনোজ দাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন দেয় ও সড়ক অবরোধ করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।
প্রায় দুইঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে জনতা অবরোধ প্রত্যাহার করে নেয় বলে জানান তিনি।
এদিকে কাশিয়ানী থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রাতৈল টুকু বাজারে একটি যাত্রীবাহী বাস লুলু বেগমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
লাশ দু’টি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২৩১৩ ঘ.
bdnews24