২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো রবীন্দ্র উৎসব

দেশি-বিদেশি রবীন্দ্রপ্রেমীদের প্রাণোচ্ছল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশি-বিদেশি রবীন্দ্রপ্রেমীদের প্রাণোচ্ছল নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র উৎসব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ উৎসবে রবীন্দ্রনাথের নাটক, কবিতা, চিত্রকলা, ছোটগল্প, উপন্যাস, শিক্ষাভাবনা ও উন্নয়ন ভাবনা নিয়ে সেমিনারের পাশাপাশি নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়। উৎসবের শেষ দিন শনিবার বিকালে রবীন্দ্রনাথের উন্নয়ন ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রবন্ধে তিনি বলেন, “রবীন্দ্রনাথের মতে, মানুষের জ্ঞান ও প্রকৃতির দান এই দুইয়ে মিলে হয় সভ্যতা। এই দুই বিষয়ই হলো উন্নয়নের অন্যতম উপাদান।” এ উৎসবকে ঘিরে প্রাণের উচ্ছ্বাসে মাতে হাজার হাজার মানুষ। এদিন সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে মুখর ছিলো উৎসব প্রাঙ্গণ। ছুটির দিন থাকায় শনিবার সকাল থেকেই নানাবয়সী মানুষ ভিড় জমায় উৎসবস্থলে। ইংল্যাণ্ডের বাসিন্দা বিজন রায় চৌধুরী। বিভিন্ন দেশের শিল্পীদের নিয়ে গঠিত গানের সংগঠন গান্ধর্বলোক অর্কেস্ট্রার হয়ে এ উৎসবে গান গাইতে এসেছেন তিনি। কলেজ শিক্ষক বিজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ উৎসবে এসে রবীন্দ্রপ্রেমীদের প্রাণোচ্ছল উচ্ছাস দেখলাম তাতে আমি অভিভূত। এখানে এসে রবীন্দ্রনাথের গান গাইতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।” শুক্রবার এ সংগঠনের সদস্যরা ‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’, ‘আমি কান পেতে রই’, ‘আমার মাথা নত করে’, ‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আলোকের এই ঝর্ণাধারায়’ ও ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো’ এ গানগুলো পরিবেশন করে। বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিকুল ইসলাম এ উৎসব প্রসঙ্গে বলেন, “রবীন্দ্রনাথকে নিয়ে এতোভাবে চিন্তা ও ভাবা যায় এমনটা আগে কখনো ভাবেনি। এখানে এসে মনে হলো রবীন্দ্রনাথের প্রতিটি ভাবনাই যেন আমাদের বাঙালিদের অগ্রযাত্রার নিয়ামক।” শনিবার মঞ্চস্থ হয় রবীন্দ্র নাটক অচলায়তন এবং চিত্রাঙ্গদা। এছাড়া বিভিন্ন শিল্পী রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১১৯ ঘ.