২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ২৭ দিন পর কিশোরী উদ্ধার

চট্টগ্রামে অপহৃত হওয়ার ২৭ দিন পর ১২ বছরের এক কিশোরীকে উদ্ধার এবং পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 01:48 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে অপহৃত হওয়ার ২৭ দিন পর ১২ বছরের এক কিশোরীকে উদ্ধার এবং পাঁচ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ রিয়াজ (২৪), মোহাম্মদ সাদেক (১৮), মিনু (১৯), সুমি আক্তার (২০) ও খুরশিদ আক্তার (১৮)। পুলিশ বলছে এরা সবাই অপহরণ চক্রের সদস্য। নগরীর খুলশী থানার লেকভ্যালী আবাসিক এলাকার ৫ নম্বর রোডের একটি বাসা থেকে শুক্রবার বিকালে ওই কিশোরীকে উদ্ধার করে র‌্যাব-৭। র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এস এম নুরুল হুদা শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩ ডিসেম্বর খালার বাসা থেকে বাড়ি ফেরার পথে কিশোরীটি অপহৃত হয়। এ বিষয়ে ওই কিশোরীর মা গত ১৩ ডিসেম্বর নগরীর পতেঙ্গা থানায় একটি জিডি করেন। একইদিন মেয়েকে উদ্ধারে র‌্যাব-৭ এর সহযোগিতা চান তিনি। এর প্রেক্ষিতে গত শুক্রবার বেলা ২টায় খুলশী থানাধীন ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে রিয়াজ ও সাদেককে গ্রেপ্তার করে। তাদের দেওয়া দেওয়া তথ্যের ভিত্তিতে লেকভ্যালী আবাসিক এলাকার ৫ নম্বর রোডের পাঁচতলা একটি ভবনের চতুর্থ তলা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় বাকি তিন নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়। এস এম নুরুল বলেন, গ্রেপ্তারকৃতরা অপহরণকারী চক্রের সদস্য বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/পিডি/১৯৩৬ ঘ.