ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অহিংস আন্দোলনের পুরোধা মহাত্মা মোহনদাস করম চাঁদ গান্ধীর হাতে লেখা একটি চিঠি পেলো জাতীয় জাদুঘর।
চৌমুহনী কলেজের সাবেক অধ্যক্ষ তাফাজ্জল হোসেইনকে উদ্দেশ্য করে চল্লিশের দশকে নোয়াখালীতে অবস্থানকালে গান্ধী চিঠিটি লিখেছিলেন। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অধ্যক্ষ তাফাজ্জলের জন্মশতবর্ষে জাতীয় জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাসকে চিঠিটি হস্তান্তর করা হয়।
চিঠিতে গান্ধী তাফাজ্জল হোসেইনকে তার সঙ্গে দেখা করার অনুরোধ করেন। ওই সময়ে কলকাতায় হিন্দু মুসলমানদের মধ্যকার সাম্প্রদায়িক দাঙ্গা নোয়াখালীতেও ছড়িয়ে পড়ে। দাঙ্গা থামাতে গান্ধী আসেন নোয়াখালী। নোয়াখালী অবস্থানকালে তাফাজ্জল গান্ধীর সঙ্গে কাজ করেন।
১৯৪৬ সালের ৭ নভেম্বর থেকে ১৯৪৭ সালের ১৭ ফেব্র“য়ারি পর্যন্ত মহাত্মা গান্ধী নোয়াখালী অবস্থান করেন। ওইদিন তিনি চাঁদপুর যান। সেখান থেকে ২ মার্চ তিনি বিহার যেতে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
অধ্যক্ষ তাফাজ্জলের জন্মশত বর্ষ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘শতবর্ষে, স্মরণে মননে’ তার নাতি কিশোয়ার ইমদাদ লিখেছেন, “ওই সময়ে কলকাতায় বিভৎস হত্যাযজ্ঞের ঘটনাবলী ঘটার পর নোয়াখালীতে প্রতিশোধমূলক সাম্প্রদায়িক গোলযোগ দেখা দেয়। ছুটে এলেন মহাত্মা গান্ধী। ভাদুর গ্রামের নিকটবর্তী জয়াগে স্থাপিত হলো গান্ধী আশ্রম। সেখান থেকে সুশিক্ষিত ও অসাম্প্রদায়িক মনের তাফাজ্জল হোসেইনের নিকট স্বহস্তে লিখিত চিঠি পাঠালেন।”
“চিঠিটি বয়ে এনেছিল আজাদ হিন্দ ফৌজের ক্যাপ্টেন দেবনাথ দাস। তাফাজ্জল হোসেইন এই আহ্বানে গান্ধীর নিকট ছুটে যান। তার সঙ্গে গ্রামাঞ্চলে ছুটে বেড়ান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বাণী প্রচারে তাকে সহায়তা করেন।”
নোয়াখালী জেলার বর্তমান সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে গান্ধীর স্মৃতিতে ‘গান্ধী আশ্রম ও গান্ধী স্মৃতি জাদুঘর’ রয়েছে।
বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে এলাকার দরিদ্র ছেলেমেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে পুরো বৃহত্তর নোয়াখালীতে বিখ্যাত হয়ে আছেন বরেণ্য শিক্ষাবিদ তাফাজ্জল হোসেইন।
জন্মশতবর্ষের স্মৃতিচারণে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব বলেন, “ইন্টারমেডিয়েটে টেস্ট পরীক্ষার প্রবেশপত্র পাইনি। কারণ কলেজের এক টাকা বেতনও দিতে পারিনি। পরীক্ষা দিতে পারবো না ভেবে আগের দিন রাতে বসে আড্ডা দিচ্ছিলাম। টি হোসেন (তাফাজ্জল হোসেইন এই নামেই বহুল পরিচিত) স্যার কর্মচারীদের ডেকে বললেন, ওর প্রবেশপত্র সকালের মধ্যে আমার বাসায় দিয়ে আসবে। এরপর তিনি আমাকে নিয়ে গেলেন তারা বাসায়। সেখানে তার ছেলের বই পড়ে আমি পরীক্ষা দিয়েছি।”
অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, “সেদিন স্যার আমাকে আড্ডা থেকে ধরে নিয়ে পরীক্ষার ব্যবস্থা না করলে ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি, বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলনকারী আজকের রবকে গ্রামে ফিরে যেতে হতো। কে জানে হয়ত মাঠে-ঘাটে কাজ করতে হতো বা সন্ত্রাসী হয়ে যেতাম।”
অধ্যক্ষ তাফাজ্জল হোসেইন স্মৃতি সংসদের সভাপতি অ্যাডভোকেট আবদুর রব চৌধুরীর সভাপতিত্বে জন্মশতবার্ষিকীর এই অনুষ্ঠানে অন্যাদের মধ্যে বক্তব্য দেন, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক, সাংবাদিক এবিএম মুসা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান, ধীরাজ কুমার নাথ, তাফাজ্জল হোসেইনের বড় ছেলে জাকির হোসেইন।
অনুষ্ঠানে চৌমুহনী সরকারি এসএ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদ উল্লাহ ভূঁঞা কলেজ প্রাঙ্গণে তাফাজ্জল হোসেইনের আবক্ষ ভাস্কর্য গড়ার ঘোষণা দেন।
তাফাজ্জল হোসেইন ১৯১১ সালে তৎকালীন নোয়াখালী জেলার রায়পুর থানার মধুপুর গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তবে তার শৈশব কেটেছে পিতৃভূমি রামগঞ্জ থানার ভাদুর গ্রামে। তিনি মৌলভী সিরাজুল হক এবং বেগম সৈয়দুন্নেসার প্রথম ছেলে।
বাড়ির পাশ্ববর্তী জমিদারের বৃটিশ স্ত্রী এলিজাবেথ আলীর নিকট ইংরেজি ও কারী ইব্রাহিমের নিকট আরবি শিক্ষার মাধ্যমে তিনি শিক্ষাজীবন শুরু করেন। পরে তিনি ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
শিক্ষাজীবন শেষে ১৯৪২ সালে কলকাতার ব্রিটিশ সরকারের সিভিল ডিফেন্স বিভাগে রিজিওনাল সুপারিনটেনডেন্ট হিসাবে কর্মজীবন শুরু করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বাবা মারা গেলে পরিবারের দেখাশুনার জন্য তিনি চাকরি চেড়ে দিয়ে এলাকায় চলে আসেন। পরে ১৯৪৭ সালে প্রথম মুসলিম শিক্ষক হিসাবে যোগ দেন চৌমুহনী কলেজে। দেশ বিভাগের পর হিন্দু শিক্ষকরা দেশত্যাগ করলে তিনি অধ্যক্ষের দায়িত্ব নেন। ১৯৮২ সালে অবসরে যাওয়া এই শিক্ষাবিদ ১৯৮৭ সালে তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮১২ ঘ.
bdnews24