২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাসচাপায় ৪ জন নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের চাপায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 04:58 AM

Updated : 24 Aug 2022, 05:30 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের চাপায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে জানান, শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুমিতা রানি দে (৩২), উত্তম বিশ্বাস (৩০) নমিতা মজুমদার (৪৭) ও ঝর্না দাস রতœা (৪০)। তারা সবাই সীতাকুণ্ড এলাকার মসজিদ্দা এলাকার বাসিন্দা এবং বারো আউলিয়া মার্স টেক্সটাইল মিলের কর্মী। আরিফুর রহমান বলেন, গার্মেন্টের শ্রমিকসহ অনেকেই গাড়ির জন্য সুলতানা মন্দির এলাকায় ফুটপাতে অপেক্ষা করছিলেন। এমন সময় চাঁদপুর থেকে চট্টগ্রামগামী একটি বাস ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। “চাকা ফেঁটে যাওয়ায় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর বাসটি ফুটপাতে থাকা লোকজনকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।” আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল এবং স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। বিকালে চমেক হাসপাতালে মারা যান ঝর্না। পুলিশ পরে রেকার দিয়ে বাসটি উদ্ধার করে। চালক পলাতক রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৫৫৩ ঘ.