ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের চলচ্চিত্র নিয়ে দিনব্যাপী প্রদর্শনী ও আলোচনায় অংশ নিতে ঢাকা আসছেন রাশিয়ার চলচ্চিত্র নির্মাতা ভিক্তর কসাকভস্কি।
আগামী ১৬ জানুয়ারি ইংরেজি দৈনিক ডেইলি স্টারের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এ আয়োজন। ওইদিন সকাল ৯টায় শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।
চলচ্চিত্র সংক্রান্ত আলোচনার অনলাইন ফোরাম ‘ফিল্মী বাহাস’ এ আয়োজন করছে। ‘ফিল্মী বাহাস:তারেক মাসুদ মাস্টার্স ক্লাস’ সিরিজের প্রথম আয়োজন এটি।
এ আয়োজনে সারা দিন ধরে চলবে ভিক্তরের চলচ্চিত্রের প্রদর্শনী ও মুক্ত আলোচনা পর্ব। চলচ্চিত্রকার ভিক্তর নিজেও তার কাজ নিয়ে কথা বলবেন। এছাড়া প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইন্সটিটিউটের ডিন অধ্যাপক নীলোৎপল মজুমদার ও ক্যাথরিন মাসুদের।
বার্লিনে বসবাসকারী রুশ চলচ্চিত্র নির্মাতা ভিক্তর তার প্রামাণ্যধারার ‘স্বাধীনচেতা ও কাব্যময় বাস্তবতার’ চলচ্চিত্রের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে পরিচিত।
১৯৯৩’র আইডিএফএ’র ‘জরিস আইভেন্স’সহ বিশ্বজুড়ে নানা চলচ্চিত্র উৎসবে ভিক্তরের ছবি এ যাবত শতাধিক পুরস্কার পেয়েছে। তার সা¤প্রতিকতম ছবি ‘ভিভান লাস এন্টিপডাস’ ২০১১’র ভেনিস চলচ্চিত্র আসরে উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হয়েছে।
ভিক্তর তার ছবির পরিচালনা, চিত্রায়ন ও সম্পাদনার কাজ নিজেই করে থাকেন।
অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ডেইলি স্টার, সময় সংবাদ, এবিসি রেডিও, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, গাইড ট্যুরস, আইরিস টেকনোলজি এবং বিগিনিং প্রডাকশন।
এতে অংশগ্রহণ করতে হলে ৭ জানুয়ারির মধ্যে www.filmy-bahas.info-এ নিবন্ধন করতে হবে। এছাড়া অংশগ্রহণেচ্ছুরা ভরষসু-filmy-bahas@gmail.com ঠিকানায়ও যোগাযোগ করতে পারবে।
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদকে উৎসর্গ করে এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘তারেক মাসুদ মাস্টার্স ক্লাস’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএমটি/২১৩৮ ঘ.
bdnews24