২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানচিতে এক দল পাহাড়ি অপহৃত

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেইংহিং পাড়া থেকে সন্ত্রাসী গোষ্ঠী এক দল পাহাড়িকে অপহরণ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

বান্দরবান, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের থানচি উপজেলার দুর্গম রেইংহিং পাড়া থেকে সন্ত্রাসী গোষ্ঠী এক দল পাহাড়িকে অপহরণ করেছে। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহমদ ও স্থানীয় জনপ্রতিনিধি অপহৃতের সংখ্যা ১৬ জানালেও পুলিশ বলছে, এই সংখ্যা পাঁচ। ইউএনও এবং থানচি সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাংসার ম্রো সাংবাদিকদের জানান, সোমবার রাত ১০টার দিকে ম্রো ন্যাশনাল পার্টির (এমএনপি) সশস্ত্র সন্ত্রাসীরা উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের রেংহিং পাড়ায় হানা দিয়ে পাড়া কারবারীসহ (প্রধান) ১৬ জনকে অপহরণ করে। তাদের বক্তব্য অনুযায়ী অপহৃতরা হলেন- রেংহিং পাড়া প্রধান (কারবারী) মাংপু ম্রো (৩৫), মংক্রাং ম্রো (৫০), রেংপ্রু ম্রো (৩৮), থংচ্য ম্রো (৪০), মাংলেন ম্রো (৩৮), ঙুহইইন ম্রো (২০), রেংথা ম্রো (২০), ক্রংছিন ম্রো (৫০), রিংরং ম্রো (১৮), রুইছিং ম্রো (১৮), থংয়া ম্রো (৩৬), মাংপুং ম্রো (৩৮), ঙুইচাম ম্রো (৩৬), ক্রালাং ম্রো (৩২), মাংইন ম্রো (৩৭) এবং কইয়ং ম্রো (৩০)। থানচি থানার ওসি নিয়ামত হোসেন অপহৃতের সংখ্যা পাঁচ জন দাবি করে বলেন, “মঙ্গলবার দুপুরে খবর পাওয়ার পর পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।” দুর্গম রেংহিং পাড়ায় অপহরণের খবর জানলেও হেঁটে দুর্গম ওই এলাকায় যেতে পুলিশের দেরি হচ্ছে বলে তিনি জানান। ওসি বলেন, “গত কয়েকদিন আগে ওই পাড়া থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা অস্ত্রসহ ৫ সন্ত্রাসীকে আটক করেছিলো। ওই পক্ষের লোকজন প্রতিশোধ হিসেবে এ অপহরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।” থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, থানচির বলিপাড়া বর্ডার গার্ড ১০ ব্যাটালিয়নের ১১ সদস্যের একটি দল রেংহিং পাড়ায় গেছে। তাদের সঙ্গে থানচি সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খামলু ম্রো এবং ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রুমদিং ম্রো রয়েছেন। এদিকে ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো জানান, অপহৃতদের মধ্যে মঙ্গলবার বিকালে থংচ্যং ম্রো ও মাং পু ম্রো নামে দুজনকে সন্ত্রাসীরা ছেড়ে দিয়েছে। তবে এর বেশি জানাতে পারেননি মাংসার ম্রো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২১৩২ ঘ.