শরীয়তপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরে জাজিরায় বাসের চাপায় শিশু মৃত্যুর ঘটনায় শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে।
শরীয়তপুর জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন মঙ্গলবার থেকে এ ধর্মঘটের ডাক দেয়।
জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নিহতের ব্যাপারে থানায় মামলা হয়েছে।”
জাজিরা থানার ওসি এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শরীয়তপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস ‘গ্লোরি এক্সপ্রেস’ গত রোববার সকাল ৯টায় জাজিরা ডিগ্রি কলেজের কাছে চাপা দিলে ঘটনাস্থলেই সাব্বির নামের একটি শিশু নিহত হয়।
এতে উত্তেজিত জনতা ওই বাসটিসহ তিনটি বাস ভাংচুর করে এবং বাস শ্রমিকদের মারধর করে জানান তিনি।
নিহত সাব্বিরের চাচা আবুল বাশার মুন্সি জাজিরা থানায় বাস চালকের বিরুদ্ধে একটি মামলা করেন।
জাজিরা থানা পুলিশ বাসটিকে আটক করলেও চালককে গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনার পর শ্রমিক নেতাদের সঙ্গে নিহতের পরিবার ও এলাকাবাসীর সমঝোতা বৈঠক ভেস্তে গেলে শ্রমিক ইউনিয়ন জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকে।
ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছে আন্তঃজেলা যাত্রীরা।
মারধর ও বাস ভাংচুরের ঘটনায় শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এলিম পাহাড় সাত জনকে আসামি করে একটি মামলা করেছেন।
শ্রমিক নেতা পাহাড়ের দাবি, “শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মীমাংসার কথা বলে ডেকে নিয়ে শ্রমিকদের মারধর ও গাড়ি ভাংচুর করে টাকা পয়সা নিয়ে যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এ কারণে আমরা বাস ধর্মঘট করে কোর্টে একটি মামলা করেছি।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক আবি আব্দুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাস ধর্মঘটের সুরাহা করার জন্য শিগগিরই পদক্ষেপ নিচ্ছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৯৪১ ঘ.
bdnews24