২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ঘোড়দৌড়, বিজয়ী সাকোয়া টাইগার

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে টেলিভিশন জিতে নিয়েছে সাকোয়া টাইগার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে টেলিভিশন জিতে নিয়েছে সাকোয়া টাইগার। সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর রঙ্গীয়ানী হাট এলাকায় প্রথমবারের মতো হওয়া এই প্রতিযোগিতায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও দিনাজপুর জেলার মোট ১১টি ঘোড়া অংশ নেয়। প্রথম হওয়া সাকোয়া টাইগারের সওয়ার ছিলেন পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া গ্রামের আনোয়ার হোসেন। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হওয়া ঘোড়া দুটিও একই এলাকার। প্রথম ও দ্বিতীয় হওয়া ঘোড়ার সওয়ারদের টেলিভিশন এবং তৃতীয় স্থানের জন্য মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়। স্থানীয়রা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতা দেখতে আশপাশের এলাকার কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু-কিশোর এখানে জড়ো হয়। ঠাকুরগাঁওয়ের আটোয়ারী উপজেলার রানীগঞ্জ গ্রামের ইউসুফ আলী ২০ বছর পর এই ঘোড়দৌড় দেখে বলেন, এতকাল পর তিনি হারানো দিনগুলো ফিরে পেয়েছেন। “দাদার কাছে ঘোড়দৌড়ের গল্প শুনেছি। আজ তা দেখে ভাল লাগলো,” বলেন স্কুল ছাত্র কিরণ (১৪)। মেলার আয়োজক আব্দুল রফি রানা বলেন, “ঘোড়দৌড়সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আজ হারিয়ে যাচ্ছে। তা ধরে রাখতে এই উদ্যোগ।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১৪ ঘ.