ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় ‘থেন’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার অধিপ্তরের এক বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয় বুলেটিনে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করার পরামর্শও দেওয়া হয়।
সহকারী আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘থেন’ দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১২৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১১৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে ১১৮৫ কিলোমিটারদক্ষিণে অবস্থান করছিল।
এটি আরো ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৭০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24