২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে গৃহবধূ খুন, গাইবান্ধায় লাশ উদ্ধার

গাইবান্ধার পলাশবাড়ীতে এক মাদক বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে মাদারীপুরে খুন হয়েছেন এক প্রবাসীর স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 11:17 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

গাইবান্ধা/মাদারীপুর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার পলাশবাড়ীতে এক মাদক বিক্রেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে মাদারীপুরে খুন হয়েছেন এক প্রবাসীর স্ত্রী। পলাশবাড়িতে নিহতের নাম আতিয়ার রহমান (২৭)। মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামের একটি নির্মাণাধীন ভবনের দোতালা থেকে মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পলাশবাড়ী থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের বলেন, আতিয়ারের সঙ্গে মাদক কেনা-বেচায় জড়িত অন্য এক জন সোমবার রাত সাড়ে ১১টার দিকে তাকে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর মঙ্গলবার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা, মাদক বিক্রির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে কোন্দলে আতিয়ার খুন হয়েছেন। মাদারীপুরে নিহত শিমু বেগম (২৩) পূর্বরাস্তি গ্রামের সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সোহাগ মাতুব্বরের স্ত্রী। তার বাবার বাড়ি ছয়না গ্রামে। শিমুকে মঙ্গলবার ভোররাতে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতের বাবা মজিবর আকন সাংবাদিকদের বলেন, শ্বশুরবাড়ির লোকজন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। নিহত শিমুর মুখমণ্ডলে রক্তের ছাপ ছিলো, গলায় ছিলো ওড়না পেঁচানো। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।” মাদারীপুর সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারী কারা- জানতে চাইলে ওসি বলেন, তদন্ত চলছে, তা শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৭১৪ ঘ.