২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় গাড়ি ঢুকলো বাধা ভেঙে, আটক ৩

বেপরোয়া গতিতে আসা ভারতীয় একটি গাড়ি আখাউড়া স্থলবন্দরে সীমান্ত চৌকির বাঁশ ভেঙে ঢুকে পড়ায় ওই গাড়ির তিন আরোহীকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেপরোয়া গতিতে আসা ভারতীয় একটি গাড়ি আখাউড়া স্থলবন্দরে সীমান্ত চৌকির বাঁশ ভেঙে ঢুকে পড়ায় ওই গাড়ির তিন আরোহীকে আটক করেছে বিজিবি। সোমবার মধ্যরাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর রহমান। আটক তিন জনই ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। তারা হলেন- অমরজিত বর্মা (২৪) সুশান্ত দেববর্মা (২৪) ও বিমল দেববর্মা (২৪)। তাদের মঙ্গলবার ভোরে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজুর সাংবাদিকদের বলেন, বেপরোয়া গতির গাড়িটি আগরতলা স্থলবন্দরের একটি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর একটি, এরপর বংলাদেশের আখাউড়া স্থলবন্দর শূন্য রেখার একটি, ইমিগ্রেশনের একটি ও বিজিবির একটি প্রতিবন্ধক বাঁশ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তিনি বলেন, “বিজিবি বাধা দিলে গাড়ির আরোহীরা পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে স্থলবন্দরের শুল্ক বিভাগের কাছ তাদের আটক করা হয়।” গাড়িতে একটি ছুরি ও লোহার লম্বা পাইপ এবং বেশ কিছু ভারতীয় রুপি পাওয়া যায় বলে বিডিআর জানিয়েছে। বিজিবির আখাউড়া স্থলবন্দর চৌকির কমান্ডার আব্দুল মান্নান বলেন, আটক তিন জন ভারতীয় উগ্রপন্থী বলে ধারণা করা হচ্ছে। তারা পালানোর জন্য অথবা কোনো নাশকতামূলক কাজ করতে অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়ে। আখাউড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজিবির হাতে আটক তিন ভারতীয় তাদের হেফাজতে রয়েছে। বিজিবি অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৬১৮ ঘ.