২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমজাদ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর দনিয়ার বর্ণমালা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. আমজাদ হোসেন হত্যা মামলায় তিন জনের ফাঁসির রায় দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দনিয়ার বর্ণমালা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. আমজাদ হোসেন হত্যা মামলায় তিন জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রায়েরবাগ মুজাহিদনগরের মো. নাছির উদ্দিন অনিক, নারায়ণগঞ্জ ফতুল্লার মো. আক্তার হোসেন, মাতুয়াইল দক্ষিণ পাড়ার মো. শহীদ। এদের মধ্যে আক্তার ও অনিককে রায়ের আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আরেক আসামি শহীদ পলাতক। বিচারক বলেন, “২০০৯ সালের ১৪ জুন স্থানীয় বিরোধের জের ধরে আসামিরা আমজাদকে খুন করে।” মামলার নথি থেকে জানা যায়, ওইদিন আমজাদ মুজাহিদনগরের বাসা থেকে রামপুরা যাওয়ার জন্য বের হন। রাস্তা থেকে তিনি বড় বোন ইয়াসমিন আক্তারকে মোবাইল ফোনে জানান, তিন যুবক তার পিছু নিয়েছে। এর পরপরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরদিন ডেমরা এলাকার একটি নির্মাণাধীন বাড়ি থেকে আমজাদের লাশ উদ্ধার করের পুলিশ। এ ঘটনায় ডেমরা থানায় দায়ের মামলায় গ্রেপ্তার হন আক্তার ও অনিক। তারা দুজনেই হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দেন। এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএন/জেকে/১৩৫০ ঘ.