ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি জাতীয়করণ না হলে ১৫ জানুয়ারি থেকে ২৪ হাজার স্কুলে অনির্দিষ্টকালের জন্য তালা ঝোলানোর ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা। পাশাপাশি তাদের অনশনও স্থগিত করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদ মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষকদের শান্ত করার চেষ্টা করেন। তারা আগামী অর্থবছর থেকে চিকিৎসা ও টিফিন ভাতা বাড়ানোর আশ্বাস দেন।
কিন্তু মূল দাবি চাকরি স্থায়ীকরণের বিষয়ে কোনো ঘাষণা না আসায় সচিবের সামনেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষকরা।
আবুল কালাম শহীদ মিনার এলাকা ত্যাগ করার পর জাতীয় বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ও বরিশাল সদরের এ. করিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম ঘোষণা দেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে চাকরি জাতীয়করণের এক দফা দাবি মেনে নিতে হবে।
“তা না হলে ২৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ে তালা দেওয়া হবে, কোনো ক্লাশ হবে না”, বলেন শামসুল।
পাশাপাশি তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন এবং প্রতিমন্ত্রী মোতাহার আলীর পদত্যাগও দাবি করেন।
শহীদ মিনারে এসে আবুল কালাম আজাদ বলেন, সরকার আগামী অর্থবছর থেকে শিক্ষকদের চিকিৎসা ও টিফিন ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বর্তমান সরকারের মেয়াদকালে বাকি দাবিগুলোও বিবেচনা করা হবে।
শিক্ষকদের দাবির যৌক্তিকতার সঙ্গে সরকার একমত কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার এ বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করছে।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হালিমও এ সময় তার সঙ্গে ছিলেন।
বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ (সামসুল-মৃগেন), বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি (নাসির-বাচ্চু), বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (এনায়েত-সালাম) এবং বাংলাদেশ রেজিস্ট্রার্ড প্রাথমিক শিক্ষক সমিতি (হাফিজ-মাহবুব)- এই চার সংগঠন ‘জাতীয় বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ’ ব্যানারে গত ২১ ডিসেম্বর থেকে শহীদ মিনারে আন্দোলন করে আসছিলেন। গত রোববার থেকে তারা আমরণ অনশন শুরু করেন।
ওইদিন তারা ঘোষণা দেন, মঙ্গলবার দুপুরের মধ্যে দাবি পূরণ না হলে তারা শহীদ মিনারেই গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দেবেন।
মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শহীদ মিনারে এসে তাদের এ কর্মসূচি থেকে সরে আসার অনুরোধ জানানোর পর আত্মাহুতি কর্মসূচি স্থগিত করেন আন্দোলনরত শিক্ষকরা। তিনি তাদের অনশনও ভাঙান।
শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্যের অনুরোধে আমরা আত্মাহুতি কর্মসূচি স্থগিত করেছি।’
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৪২৫ ঘ.
bdnews24