ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ জমি দখল ও পরিবেশ ছাড়পত্র না থাকায় বসুধা বিল্ডার্স লিমিটেড ও সাগুফতা সিটি ডেভেলপার্স লিমিটেডের দুটি আবাসন প্রকল্পের কাজ বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার পরিবেশ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার পল্লবীতে সাগুফতা হাউজিং এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বসুধা সিটির সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম বন্ধ করা হয়েছে।”
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাগুফতা হাউজিং লিমিটেড পল্লবী এলাকার বাউনিয়া মৌজায় ১৩৭ একর জমি ভরাট করেছে। এর মধ্যে অবৈধভাবে দখল করা জমি আছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এ প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়।”
ক্ষতিগ্রস্তদের একটি তালিকা প্রকল্প মালিক পক্ষের কাছে হস্তান্তর করে দ্রুত এ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানায় অধিদপ্তর।
সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের মাটি ভরাটকাজ পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পটির জন্য পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেওয়া হয়নি।
বসুধা বিল্ডার্স লিমিটেডও তার প্রকল্পের জন্য অধিদপ্তরের অনুমোদন না নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের লাধুরচর, চর কামালদী ও পরমেশ্বরদী মৌজার প্রায় ১৪ একর জমি নিয়ে বসুধা সিটি প্রকল্প উন্নয়ন কাজ চালাচ্ছে- বলা হয় বিজ্ঞপ্তিতে।
পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত এ প্রকল্পের মাটি ভরাট কাজ, ব্যবসায়িক কার্যক্রম ও বিজ্ঞাপন বন্ধ রাখার নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/আরএ/১৮১৭ ঘ.
bdnews24