ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগের একটি বাসায় হানা দিয়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে বেঁধে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ডাকাত দল।
মালিবাগ চৌধুরী পাড়ার সানাউল হকের বাড়িতে রোববার ভোরে এই ডাকাতি হয়েছে।
সানাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৫০ ভারি স্বর্ণালঙ্কার, নগদ তিন লাখ টাকা, একটি হীরার সেট, এলসিডি টিভি ও ক্যামেরাসহ আরো মূল্যবান জিনিস নিয়ে গেছে ডাকাতরা।
ভোর ৪টার দিকে ৮ থেকে ১০ জনের ডাকাত দল বারান্দার লোহার গ্রিল কেটে বাসার ভেতরে ঢোকে বলে জানান তিনি।
“বাসায় ঢোকার পর আমার ও আমার স্ত্রীর হাত পা মুখ বেঁধে প্রায় আধা ঘণ্টা ধরে ডাকাতি চলে,” বলেন সানাউল।
এ বিষয়ে রামপুরা থানায় যোগাযোগ করা হলে ওসি দেলোয়ার হোসেন খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ডাকাতির ঘটনায় বাসার দারোয়ান আবুল কালাম ও গাড়িচালক আহসানুল্লাহ হাসানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএইচ/১৭৩০ ঘ.
bdnews24