২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি শিক্ষকদের আত্মাহুতির ঘোষণা

চাকরি সরকারিকরণের দাবিতে পাঁচ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাকরি সরকারিকরণের দাবিতে পাঁচ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানরত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতির ঘোষণা দিয়েছেন। দাবি আদায়ে ২১ ডিসেম্বর থেকে শহীদ মিনারে কর্মসূচি পালন করে আসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর কয়েকশ শিক্ষক রোববার সকাল থেকে আমরণ অনশন শুরু করেন। জাতীয় (রেজিস্ট্রার্ড) বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ও বরিশাল সদরের এ. করিম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম সাংবাদিকদের বলেন, “সরকার দাবি মেনে না নিলে ২৭ ডিসেম্বর শহীদ মিনারেই গায়ে আগুন ধরিয়ে আত্মাহুতি দেওয়া হবে।” চাকরি সরকারিকরণের মাধ্যমে দেশের ২৪ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের লক্ষাধিক শিক্ষককে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সমান সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানান তিনি। ফরিদপুর জেলার জগদিয়া বালিয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিনা পারভীন বলেন, “চার বছরের বাচ্চাকে বাড়িতে রেখে গত চার পাঁচ দিন ধরে এখানেই আছি। রাতে ঘুমাইও শহীদ মিনারে।” “দাবি আদায় না হলে বাড়ি ফিরবো না,” বলেন তিনি। পরিষদের সদস্য সচিব মাদারীপুর পুলিশ লাইন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের বেসরকারি বিদ্যালয়গুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকলেও মন্ত্রণালয় কিংবা সরকারি পর্যায় থেকে এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস দেওয়া হয়নি। তবে শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন আন্দোলনরত শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিষয়টি শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান এই শিক্ষক। এই শিক্ষকরা দাবি জানিয়ে এলেও গত ২১ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন সাংবাদিকদের বলেছেন, রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণে সরকারের ‘আপাতত’ কোনো উদ্যোগ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএইচ/আরএ/১৭২০ ঘ.