ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশের খ্রিস্ট ধর্মানুসারীরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে যিশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন উদযাপন করেছে।
এ উপলক্ষে গির্জাগুলো রঙিন বাতি ও ফুল দিয়ে সাজানো হয়। স্থাপন করা হয় দরিদ্রঘরে খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালাও।
রোববার বড়দিন উদযাপন হলেও শনিবার থেকেই উৎসবে মেতে ওঠে খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
রাতে ঢাকার তেজগাঁওয়ের জপমালা গির্জায়সহ অন্যান্য চার্চগুলোতে বিশেষ প্রার্থনা হয়।
জপমালার গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার পাশাপাশি গির্জা ও এর আশপাশে রঙিন বাতি জ্বালানো হয়। গির্জার প্রধান ফটকের বাইরে অস্থায়ী অনেক দোকানে বড়দিন ও ইংরেজি নতুন বছরের কার্ড, নানা রঙের মোমবাতি, ক্রিসমাস ট্রি, যিশুর মূর্তিসহ নানা জিনিস বিক্রির জন্য পসরা সাজিয়ে বসে দোকানিরা।
এছাড়া সকাল থেকেই শুরু হয় বিভিন্ন চার্চ, বাড়ি ও তারকা হোটেলগুলোতে নানা ধরনের অনুষ্ঠান। বিশেষ করে শিশু কিশোরদের জন্য আলাদা করে অনুষ্ঠানের আয়োজন করে হোটেলগুলো।
বড়দিন উপলক্ষে রাজধানীর পাঁচতারকা বিভিন্ন হোটেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসব হোটেলে শিশুদের জন্য ক্রিসমাস কিডস পার্টিসহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়। প্রধান আকর্ষণ হিসেবে সান্তাক্লজ আসেন নানা উপহার ও চমক নিয়ে।
বড়দিন উপলক্ষে ঢাকায় রূপসী বাংলা হোটেল কর্তৃপক্ষ রোববার সকালে শিশুদের জন্য আয়োজন করে ক্রিসমাস পার্টির।
সকাল সাড়ে ১০টার দিকে সেখানে সান্তা ক্লজ এসে শিশুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপহার বিতরণ করেন। এছাড়া শিশুদের জন্য সেখানে পাপেট শো, মিউজিক্যাল পারফরমেন্স, জাম্পিং হাউজ, বড়দিনের ও র্যাফেল ড্র’র আয়োজন করা হয়।
বড় দিনের অনুষ্ঠানে এসে ১০ বছর বয়সী সোনিয়া গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সান্তা ক্লজকে দেখতে ও যিশুর জন্মদিন পালন করার জন্য এসেছি। পাপেট শো এবং বড়দিনের গান খুব ভালো লেগেছে।”
খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস অনুযায়ী, ঈশ্বরের ইচ্ছায় কুমারী মারিয়া বা মেরির গর্ভে জন্ম নেন যিশু।
ধর্ম বিশ্বাস বলে, এখন থেকে দুই হাজার বছরেরও বেশি আগে একদিন ঈশ্বরের বার্তাবাহক গ্যাব্রিয়েল মারিয়াকে বলেন, ‘তুমি প্রভুর অনুগ্রহ লাভ করেছ, তুমি একটি পুত্র সন্তান জন্ম দেবে।’
মারিয়া সম্মতি দেওয়ার সঙ্গে সঙ্গেই কুমারী হলেও অলৌকিক ক্ষমতায় গর্ভবতী হলেন। তার কোল আলো করে জন্ম নেয় এক শিশু। ‘ঈশ্বরের দূত’ গ্যাব্রিয়েলের কথামতো শিশুর নাম রাখা হয় যিশু। সেই যিশুর জন্মতিথি ২৫ ডিসেম্বর সারা বিশ্বে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয় বড়দিন।
বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া পৃথক বাণীতে খ্রিস্টান স¤প্রদায়কে শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, মহান সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতিকে কল্যাণ ও সত্যের পথে পরিচালতি করতে যুগে যুগে যে সব মহামানব পৃথিবীতে এসেছেন তাঁদের মধ্যে যিশুখ্রিস্ট অন্যতম। তিনি মানুষকে সত্য, ন্যায় ও স¤প্রীতির পথে চলার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ। এখানে রয়েছে সব ধর্ম ও স¤প্রদায়ের মানুষের নিজস্ব ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা। আমি আশা করি, বড়দিন দেশের খ্রিস্টান ও অন্যান্য স¤প্রদায়ের মধ্যকার বিরাজমান সৌহার্দ্য ও স¤প্রীতিকে আরও সুদৃঢ় করবে।
বিরোধীদলীয় নেতা তার বাণীতে বলেন, ‘বড়দিন’ খ্রিস্টান স¤প্রদায়সহ সবার জন্য আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক- এই কামনা করি। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচ/এমআই/২১১০ ঘ.
bdnews24