চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারির প্রথম দিন থেকে নগরীর সিডিএ এভিনিউতে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মলিক সমন্বয় সংগ্রাম পরিষদ।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংগ্রাম পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এটিসহ মোট আটটি দাবি জানানো হয়।
আট দফা দাবি আদায়ে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে এক ঘণ্টা নগরীর টাইগার পাস থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত রিকশাসহ মানববন্ধন করার ঘোষণা দেন পরিষদ নেতারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী উপদেষ্টা নজরুল ইসলাম সরকার বলেন, “বারিক বিল্ডিং মোড় থেকে বহদ্দারহাট (সিডিএ এভিনিউ) পর্যন্ত সড়কের দুপশে রিকশা চলাচলের আলাদা লেইন না করা পর্যন্ত রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।”
আট দফার অন্য দাবিগুলো হলো- পরিষদের আওতাধীন চালক ও মালিকদের সিসিসি কর্তৃক নতুন লাইসেন্স দেওয়া, রিকশা পার্টসের দাম কমানো, রিকশা চুরি বন্ধ করা, ট্রাফিক পুলিশ কর্তৃক চালক হয়রানি বন্ধ করা, সিসিসি ও রেলওয়ের পরিত্যক্ত জমিতে অথবা সরকারি খাস জমিতে চালক-মালিকদের আবাসনের ব্যবস্থা করা, চালক-মালিক ও তাদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা ও অনুমোদনহীন বিদ্যুৎচালিত মোটর বাইক চলাচল বন্ধ করা।
নজরুল ইসলাম সরকার বলেন, সিডিএ এভিনিউতে রিকশা চলাচল বন্ধ হলে স্কুলগামী শিক্ষার্থী ও অল্প আয়ের চাকরিজীবীরা যাতায়াতে মারাত্মক অসুবিধায় পড়বেন।
গত ২৮ নভেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি), চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), বিআরটিএ ও পরিবহন মালিক সমিতি’র প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় নগরীর যানজট নিরসনে সিডিএ এভিনিউতে আগামী ১ জানুয়ারি থেকে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিসিসি’র হিসাব মতে, নগরীতে বৈধ রিকশার সংখ্যা ৩৫ হাজার।
তবে সিটি মেয়র মনজুর আলম একাধিক অনুষ্ঠানে বলেছেন, নগরীতে প্রায় এক লাখ ২০ হাজার রিকশা চলাচল করে।
নগরীতে চলাচলকারী রিকশা চালক ও মালিকদের যে ছয়টি সংগঠনের সমন্বয়ে সংগ্রাম পরিষদ গঠিত সেগুলো হলো- চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক সংগ্রাম পরিষদ, চট্টগ্রাম মহানগরী রিকশা চালক-মালিক ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগরী রিকশা মালিক পরিষদ, চট্টগ্রাম মহানগরী রিকশা চালক ইউনিয়ন, সিটি রিকশা মালিক সমিতি, রূপায়ন রিকশা ভ্যান মালিক সমিতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২৩২৫ ঘ.
bdnews24