২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিগগিরই পদ্মা সেতুর কুয়াশা কাটবে’

পদ্মা সেতু প্রকল্প এলাকা প্রথমবারের মতো পরিদর্শন করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এক বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

মুন্সীগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্প এলাকা প্রথমবারের মতো পরিদর্শন করে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই এই সেতু নির্মাণ নিয়ে ‘কুয়াশা’ কেটে যাবে। শনিবার সকাল ১০টার দিকে মাওয়ায় প্রকল্প এলাকা পরিদর্শন করতে আসেন ওবায়দুল কাদের। পরে তিনি সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতুর কুয়াশা কেটে যাবে। বাস্তবায়নের কাজ চলছে, আনুষ্ঠানিকতা বাকি মাত্র। এক বছরের মধ্যে কাজ শুরু হবে।” পদ্মা সেতুর মূল অর্থ যোগানদাতা বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে তাদের অর্থায়ন স্থগিত করলে অনিশ্চয়তার মুখে পড়ে দেশের সর্ববৃহৎ এ নির্মাণ প্রকল্প। অভিযোগের আঙুল ওঠে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের দিকেও। অবশ্য সরকার দাবি করে আসছে, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, প্রয়োজনে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ভিত্তিতে পদ্মা সেতু নির্মাণ করা হবে। গত ১১ ডিসেম্বর নতুন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরও একই কথা বলেন। শনিবার প্রকল্প এলাকায় এসে তিনি বলেন, “বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এ প্রকল্পে। দায়িত্ব গ্রহণের পর থেকেই অতি গুরুত্বের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে কাজ করে যাচ্ছি। পদ্মা সেতুর হবেই।” পদ্মা সেতু প্রকল্পের কোনো অগ্রগতি নেই- একটি পত্রিকার এমন প্রতিবেদনের প্রতিক্রিয়ায় কাদের সাংবাদিকদের বলেন, “পদ্মা সেতু যে মুখে মুখে নয়, বাস্তবেই রয়েছে- তার নিদর্শন প্রকল্প এলাকাতেই রয়েছে।” অন্যদের মধ্যে জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি, সাংসদ সুকুমার রঞ্জন ঘোষসহ স্থানীয় নেতা ও যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৩১ ঘ.