শেরপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার সাক্ষী মোহন মুন্সির নিরাপত্তা ও স্বাস্থ্যের খোঁজ নিতে শেরপুর গেছেন প্রসিকিউটর মো. সুলতান মাহমুদ।
মুক্তিযুদ্ধে আলবদর বাহিনীর এই সদস্য জামায়াতে ইসলামীর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলার সাক্ষী।
শুক্রবার সন্ধ্যায় শেরপুর পৌঁছে তিনি মোহন মুন্সির শহরের বাগ রাকসার বাসভবনে যান।
তিনি মোহন মুন্সির নিরাপত্তা ব্যবস্থা দেখেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং ওখানে কিছু সময় কাটান।
এরপর অ্যাডভোকেট সীমন শেরপুর সার্কিট হাউজে জেলা প্রশাসক মো. নাসিরুজ্জামান ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমানের সঙ্গে বৈঠক করেন।
এ সময় শেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) সালাহউদ্দিন সিকদার, সদর থানার ওসি মো. আকরাম হোসেন, ওসি (তদন্ত) মো. খায়রুল বাশার উপস্থিত ছিলেন।
সার্কিট হাউজে বৈঠক শেষে প্রসিকিউটর সাংবাদিকদের জানান, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী সুরক্ষার বিষয়টির উল্লেখ রয়েছে। তাই কামারুজ্জামানের বিরুদ্ধে মামলার সাক্ষী মোহন মুন্সির নিরাপত্তা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এসেছি।”
স্থানীয় প্রশাসনের নেওয়া নিরাপত্তা ব্যবস্থাসহ মোহন মুন্সির শারীরিক অবস্থা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি সাংবাদিকদের বলেন, ইতিমধ্যেই ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন পেশ করা হয়েছে এবং অভিযোগপত্র দাখিল হয়েছে। আদালত তা গ্রহণ করে বিচার কাজ শুরু করবেন। আশা করি, স্বল্পতম সময়ের মধ্যে বিচার কাজ শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৫ ঘ.
bdnews24