ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের দুর্নীতি তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সমীক্ষা প্রতিবেদন ঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
দক্ষিণ এশিয়ায় সেবা খাতগুলোর মধ্যে পুলিশ বিভাগেই ঘুষ লেনদেন সবচেয়ে বেশি হয় বলে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক এই প্রতিষ্ঠান।
এর প্রতিক্রিয়া জানতে চাইলে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এ প্রতিবেদন ঠিক নয়।”
উত্তরা ১৮ নম্বর সেক্টর কল্যাণ সমিতির নবনির্মিত অফিস উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
প্রতিবেদন ঠিক না হলে টিআই’র কাছে কোনো প্রতিবাদ পাঠানো হবে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দেখি।”
টিআই’র প্রতিবেদনে বলা হয়, জরিপে অংশ নেওয়া ৭৫ শতাংশই গত এক বছরে পুলিশকে ঘুষ দেওয়ার কথা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২২০১ ঘ.
bdnews24