সিলেট, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে তিন দিনব্যাপী ১০৮ বছর পূর্তি ও প্রাক্তন ছাত্রী-শিক্ষক পুনর্মিলনী বৃহস্পতিবার শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে কলেজের প্রবেশ দ্বারে স্মারক স্তম্ভের ফলক উন্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
দুপুর ৩টায় স্কুল প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়।
শুক্রবার সকালে বিদ্যালয়ের নবনির্মিত প্রধান ফটক ও উৎসব উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
জাতীয় অধ্যাপক ডা. শাহলা খাতুনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তৃতা করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল এবং রাশেদা কে চৌধুরী।
উদযাপন পরিষদের সদস্য সচিব নাজমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উৎসবে বৃক্ষরোপণ, হস্তশিল্প প্রদর্শনী, খাদ্যমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার বিকাল ৪টায় ঊৎসব শেষ হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২১৩ ঘ.
bdnews24