২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা না নেওয়ার কারণ দর্শানোর নির্দেশ ওসিকে

আদালতের নির্দেশ সত্ত্বেও মামলা না নেওয়ায় চট্টগ্রামের একটি থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 03:05 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ সত্ত্বেও মামলা না নেওয়ায় চট্টগ্রামের একটি থানার ওসিকে ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম মাহবুবুর রহমান নগরীর পাহাড়তলী থানার ওসি নুরুন্নবীর বিরুদ্ধে এ আদেশ দেন। এছাড়া তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে। গত ৯ ও ১৩ ডিসেম্বর মনজুর আলম নামে এক ব্যক্তি নগরীর ডিটি রোড এলাকায় দুই দফায় দুর্বৃত্তদের আক্রমণে আহত হন। তার আইনজীবী অ্যাডভোকেট মাহমুদুল হক মাহমুদ আদালতের এ কারণ দর্শানোর নির্দেশের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। হামলার প্রথম ঘটনায় মনজুরের ভাই মো. আজিজ বাদি হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা করেন। পরে মনজুর গত ১৩ ডিসেম্বর পুনরায় শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার পর সে ঘটনায় চার জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। আদালত সেদিন পাহাড়তলী থানার ওসিকে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ করতে নির্দেশ দেন। মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালতের নির্দেশের পরও পাহাড়তলী থানার ওসি অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণ না করে এ ঘটনায় একটি মামলা হয়েছে জানিয়ে আদালতে একটি প্রতিবেদন দাখিল করেন। “বৃহস্পতিবারের নির্দেশে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে হাজির হয়ে ওসিকে এ ঘটনায় কারণ দর্শাতে বলেছে আদালত। পাশাপাশি তার বিরুদ্ধে কেন বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়েও জবাব দিতে বলেছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএইচ/পিডি/২১০৩ ঘ.