২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রবৃদ্ধি কমছে দেড় শতাংশ’

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ কম হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 10:54 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন দুর্যোগের কারণে জিডিপি প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশ কম হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনগত বিভিন্ন দুর্যোগের সবচেয়ে ‘নিষ্পাপ আক্রান্ত দেশ’ হিসাবে উল্লেখ করে মন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনগত এই বাস্তবতার সঙ্গে আমরা প্রতিনিয়ত লড়াই করছি। বাংলাদেশ এই পরিবর্তনের সবগুলো নেগেটিভ ইমপ্যাক্ট দ্বারা আক্রান্ত।” এর মধ্যে বন্যা, খরা, লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড় রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের জিডিপির ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট লেস গ্রোথ শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জের কারণে।” কার্বন নিঃসরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ সর্বশেষ তালিকায় রয়েছে এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, “আমাদের দেশে বছরে জনপ্রতি কার্বন নিঃসরণের পরিমান দশমিক ৩ টন, অপরাপর উন্নয়নশীল দেশগুলোতে এটা ২ টনেরও বেশি। উন্নত বিশ্বে এটা ১৫ থেকে ২০ টন।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী বিসিএস এর রিসার্চ ফেলো গোলাম রাব্বানী বলেন, “সারাবিশ্বে জলবায়ু পরিবর্তনগত কারণে প্রতিবছর যত মানুষ মারা যায়, তার ৯৫ শতাংশই উন্নয়নশীল বিশ্বের।” নিরাপদ পানি এবং স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করাই বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ এমন মন্তব্য করে তিনি বলেন, “সাইক্লোন সিডরে ১২ হাজার ৯৮০ টি টিউবয়েল নষ্ট হয়, ৬ হাজার ৮২টি পুকুরের পানি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে এবং পুরোপুরি নষ্ট হয় ২২ হাজার ৮৬৪ টি ল্যাট্রিন।” সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজের নির্বাহী পরিচালক ড. এ আতিক রহমানের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলের প্রধান প্রকৌশলী মো. নুরুজ্জামান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৬১৬ ঘ.