২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আরেকটি লঞ্চঘাট হচ্ছে

রাজধানীর সদরঘাট এলাকার যানজট কমাতে আরেকটি লঞ্চ ঘাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সদরঘাট এলাকার যানজট কমাতে আরেকটি লঞ্চ ঘাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার নৌপরিবহন মন্ত্রণালয়ে এক সভা শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, পোস্তগোলায় শ্মশানঘাট এলাকায় আরেকটি লঞ্চ ঘাট নির্মাণ করা হবে। এজন্য বুড়িগঙ্গা তীরের বাকল্যান্ড বাঁধের ওপর থাকা সব অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। দখলমুক্ত এসব স্থানে আগামী ১৫ এপ্রিলের মধ্যে সীমানা পিলার স্থাপনের কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন তিনি। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ দেশের গুরুত্বপূর্ণ নদ-নদীর নাব্য এবং নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সদরঘাট, সিমসন ও ওয়াইজঘাট এলাকার রাস্তার ওপরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী শনিবার থেকে অভিযান শুরু করার নির্দেশ দেন নৌমন্ত্রী। টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী গত বুধবার ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায় নদীর সীমানা নির্ধারণে পিলার (খুঁটি) স্থাপন শুরু হয়েছে। অবৈধ দখলমুক্ত করে নদীর সীমানা নির্ধারণে গত জুন পর্যন্ত মুন্সীগঞ্জে ৩৬৫টি, গাজীপুরে ৪৩২টি, নারায়ণগঞ্জে ৩ হাজার ৫০৬টি এবং ঢাকায় ২৪০টি খুঁটি স্থাপন করা হয়েছে। জুনের পর খুঁটি স্থাপনের স্বাভাবিক কার্যক্রম বন্ধ ছিলো। গত বুধবার থেকে আবারো এ কাজ শুরু হয়েছে। এই চারটি জেলার নদীর সীমানার খুঁটি স্থাপন শেষ হবে ২০১২ সালের ১৫ এপ্রিল। ট্যানারি স্থানান্তর নদী দূষণ রোধে শিল্প বর্জ্য কমাতে রাজধানী থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলে জানান নৌমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, “ট্যানারি শিল্প-মালিকরা আগে সাভারে যেতে চাননি। তাই মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, ট্যানারি শিল্পমালিকদের সঙ্গে সভা করে সমস্যার সমাধান করবে। প্রয়োজনে সিদ্ধান্ত বাস্তবায়নে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” সাভারের ট্যানারি শিল্প এলাকা প্রস্তুত কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ট্যানারি শিল্প মালিকদের দাবি অনুযায়ী নতুন এলাকায় একটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) নির্মাণের কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই এটির নির্মাণ কাজ শুরু হবে। শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, টঙ্গি পৌরসভার মেয়র আজমত উল্লাহ্ খান, নৌ-সচিব আব্দুল মান্নান হাওলাদার, পানিসম্পদ সচিব শেখ আলতাফ আলী এবং বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান শামছুদ্দোহা খন্দকারসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬৩৫ ঘ.