ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিভি বা ইন্টারনেটের মাধ্যমে ‘আপত্তিকর’ ব্যঙ্গচিত্র বা কার্টুন প্রকাশ করা উচিৎ নয় মন্তব্য করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, এগুলো দেশের ভাবমূর্তি নষ্ট করে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলার সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের একটি প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সংলাপের বিষয় ছিলো ‘তথ্যের স্বাধীনতা, ইন্টারনেট যুগে চ্যালেঞ্জ কোথায়?’ বিবিসি বাংলা তাদের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সংলাপের আয়োজন করে।
সংলাপে তাকে প্রশ্ন করা হয়েছিলো- “বাংলাদেশের সংবিধানে ব্যক্তিগত মত প্রকাশের অধিকার দেওয়া হলেও ফেসবুক কিংবা ব্লগে কোনো রাজনৈতিক ব্যক্তির ব্যাঙ্গচিত্র বা কার্টুন প্রকাশিত হলে তা বন্ধ করে দেওয়া হয় কেন?”
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইমাম অন্য একটি প্রশ্নের উত্তরে বলেন, “বাংলাদেশের মিডিয়া সর্বত্র স্বাধীনতা উপভোগ করছে। বর্তমান সরকার মিডিয়ার ওপর কোনো ধরনের বিধি-নিষেধ আরোপের বিষয়ে বিশ্বাস করে না।”
ইন্টানেটে তথ্য প্রকাশ জাতির জন্য হুমকি কি না- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যে সব তথ্যের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, সে সব বিষয় ইন্টারনেটে প্রকাশের বিষয়ে বিধিনিষেধ থাকা উচিৎ।”
“মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে ‘একজনের স্বাধীনতা অন্যের সর্বনাশ,” বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
২০০৯ সালের তথ্য অধিকার আইনে এ বিষয়ে স্পষ্ট দিক-নির্দেশনা দেওয়া আছে বলে জানান তিনি।
সংলাপে বিভিন্ন পেশা এবং বয়সের নির্বাচিত ২০০ জন ব্যক্তি অংশ নেন।
বিবিসি বাংলার সম্পাদক সাবির মুস্তফার সঞ্চালনে সংলাপে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন নিউজ টু ডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল আবু সাইদ খান এবং চিত্রশিল্পী প্রিমা নাজিয়া আনদালিভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/২২২০ ঘ.
bdnews24