চট্টগ্রাম, ডিসেম্বর ২১ ৯বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রীর সফরে স্বতন্ত্র বেতন স্কেল ও লভ্যাংশের ভিত্তিতে ইনসেনটিভ দেওয়ার ঘোষণা চাইছেন চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা।
আগামী ২৭ ডিসেম্বর চট্টগ্রাম সফরে বন্দরের কন্টেইনার ব্যবস্থাপনার স্বয়ংক্রিয় পদ্ধতি (সিটিএমএস) উদ্বোধনের কথা রয়েছে শেখ হাসিনার।
তার সফরের আগে বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের চাওয়া তুলে ধরে ‘চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ।
পরিষদের সভাপতি মমতাজ উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আবেদন আগামী ২৭ ডিসেম্বর তিনি যেন কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেল ও লভ্যাংশের ভিত্তিতে ইনসেনটিভ প্রদানের ঘোষণা দেবেন।”
এর আগে গত ৩ অগাস্ট আরেকটি সংবাদ সম্মেলন করে গত ঈদুল ফিতরের পর এ দাবিতে কঠোর অন্দোলনের ঘোষণা দিয়েছিলো কর্মচারী পরিষদ। যদিও পরে তা প্রত্যাহার করা হয়।
মমতাজ উদ্দিন বলেন, “যন্ত্রপাতি-অবকাঠামো ও প্রায় তিন হাজার জনবল ঘাটতি নিয়ে আমরা কাজ করছি। সীমাবদ্ধতা সত্ত্বেও ‘বেঞ্চমার্ক দ্য এফিশিয়ান্সি অব এশিয়ান কন্টেইনার পোর্টস’ জরিপে ১৭ দেশের ৬৯টি বন্দরের মধ্যে শীর্ষ স্থান লাভ করেছে চট্টগ্রাম বন্দর।”
চট্টগ্রাম বন্দরের প্রবৃদ্ধির হার ১২ থেকে ১৪ ভাগ এবং ট্রাফিক গ্রোথ ২১ ভাগ উল্লেখ করে সিবিএ সভাপতি বলেন, এটি অর্জিত হয়েছে কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা, সর্বোচ্চ ত্যাগ ও শ্রমে।
“৩৮ বছর ধরে বন্দরে চাকরি করছি। ঘরভাড়া কাটার পর সর্বসাকুল্যে ১৪ হাজার টাকা বেতন পাই। তা দিয়ে ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে দিনযাপন করতে হয়,” আক্ষেপ করে বলেন সিবিএ সভাপতি।
সিবিএ সাধারণ সম্পাদক ওয়াহিদ উল্লা সরকার জানান, চট্টগ্রাম বন্দর গত অর্থ বছরে আয়কর ও অনুদান বাবদ মোট ৩৫০ কোটি টাকা সরকারকে দিয়েছে। এরপরও বন্দরের প্রায় ৫০০ কোটি টাকা রাজস্ব উদ্বৃত্ত আছে।
স্বতন্ত্র বেতন স্কেলের কাঠামো তৈরিতে বন্দর কর্মকর্তা ও সিবিএ নেতাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি কাজ করছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে কর্মচারী পরিষদের কার্যকরি সভাপতি একেএম আলাউদ্দিন, যুগ্ম-সম্পাদক মো. ফখরুল ইসলাম ও এয়ার আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএইচ/এমআই/২০০৪ ঘ.
bdnews24