চাঁদপুর, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ বরাদ্দ না পাওয়ায় নিজ খরচে রাস্তা মেরামতের কাজ করছেন বলে জানিয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাংসদ মো. হারুনুর রশিদ।
মঙ্গলবার এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে এই মেরামত কাজের উদ্বোধন করেন তিনি।
দুপুরে এ উপলক্ষে কালিরবাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে হারুনুর রশিদ প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানে দলীয় কর্মী-সমর্থক, এলাকার লোকজন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মেরামত কার্যক্রম উদ্বোধন শেষে হারুনুর রশিদ সাংবাদিকদের বলেন, “প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় নিজ খরচে রাস্তা মেরামত কার্যক্রম গ্রহণ করেছি।”
সরকার সীমাবদ্ধতার কথা জানিয়ে অর্থ বরাদ্দ দিচ্ছে না বলেও তিনি জানান।
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও চাঁদপুর জেলা সহ-সভাপতি এই সাংসদ আরো বলেন, চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের কালিরবাজার থেকে বেড়িরবাজার পর্যন্ত সাড়ে চার কিলোমিটার রাস্তা মেরামত করতে আট-দশ লাখ টাকা যা-ই লাগুক না কেন তিনি খরচ করবেন।
এছাড়া উপজেলার অন্যান্য এলাকায়ও নিজ খরচে উন্নয়ন কাজ চালাবেন বলে তিনি আশ্বাস দেন।
কালিরবাজার এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার মিজি, সাহাদাত হোসেন টেলু, সোহরাব হোসেন মুক্তার বলেন, দীর্ঘদিন ধরে কালিরবাজার-বেড়িরবাজার সড়কটির নানাস্থানে গর্ত ও দু’পাশ ভেঙে রয়েছে। এ কারণে এলাকাবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মো. কাওসার (১৮) নামের এক শিক্ষার্থী জানান, এই সড়ক দিয়ে চলতে গিয়ে প্রায়ই যানবাহন দুর্ঘটনার শিকার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪২ ঘ.
bdnews24