রংপুর, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হওয়ার পর রংপুর বিভাগের আট জেলায় শুক্রবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে বিভাগীয় মোটর শ্রমিক সমিতি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোতয়ালী থানার ওসি আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভাগীয় মোটর শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বৃহস্পতিবার দুপুরে তার সমর্থকদের নিয়ে সংগঠনের কার্যালয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিপক্ষের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় পুরো টার্মিনালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
“দুই পক্ষের সমর্থকরা বড় বড় রামদা নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর এবং একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। সংঘর্ষে আব্দুল মজিদসহ অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে আধা ঘণ্ট পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”
পরে বাস টার্মিনালের কাছে বিভিন্ন এলাকায় তল্লাশী চালিয়ে পুলিশ বিপুল সংখ্যক রামদা ও কিরিচ উদ্ধার করে বলে ওসি জানান। এ সময় একটি ছুরিসহ একজনকে আটক করা হয়।
রংপুর বিভাগীয় মোটর শ্রমিক সমিতির সভাপতি আখতার হোসেন বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আব্দুল মজিদকে হত্যার জন্যই প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। এর প্রতিবাদে এবং টার্মিনাল এলাকা অবৈধ দখলমুক্ত করার দাবিতে শুক্রবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করা হবে বিভাগের আট জেলায়।
ওসি জানান, গোলোযোগের আশঙ্কায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় বন্ধ করে দিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৮২৯ ঘ.
bdnews24