ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে আগুনে পুড়েছে একটি ট্যাক্সিক্যাব। এটি নাশকতা, না দুর্ঘটনা- তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সোমবার রাত পৌনে ১১টার দিকে মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে গাড়িটিতে আগুন ধরে বলে পুলিশ জানিয়েছে।
নিউ মার্কেট থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কীভাবে আগুন লাগলো তা জানতে ট্যাক্সিক্যাবটির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রোববার বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনার আগে-পরে ঢাকায় মোট ১৩টি গাড়িতে আগুন দেওয়া হয়। সোমবারও দুটি স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।
এর মধ্যেই এলিফ্যান্ট রোডে গাড়িটিতে আগুন লাগলো। স্থানীয়রা বলছেন, গাড়িতে আগুন দেখার আগে তারা বোমা ফোটার মতো শব্দ শুনতে পেয়েছেন।
তবে ওসি বলেন, এটা গাড়িতে আগুন লাগার কারণেও হতে পারে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩৪৬ ঘ.
bdnews24