২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় ছাড়পত্রহীন ৭টি ইটভাটা বন্ধ

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ ছাড়পত্র ছাড়া সংরক্ষিত বনাঞ্চলের সীমানায় স্থাপিত সাতটি ইট ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়ায় পরিবেশ ছাড়পত্র ছাড়া সংরক্ষিত বনাঞ্চলের সীমানায় স্থাপিত সাতটি ইট ভাটা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার দিনভর পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের কর্মকর্তা জমির উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বন্ধ করে দেওয়া ইট ভাটা সাতটি হলো- মো. ইদ্রিসের মালিকানাধীন মেসার্স আর এন বি ব্রিকস, বাদশা খালেদ শিকদারের মেসার্স শাহ গজালিয়া ব্রিকস, মওলানা মো. নাজিমের মেসার্স এনএসবি ব্রিকস, মঞ্জুর আলম চৌধুরীর মেসার্স বড় মওলানা ব্রিকস, বিমল বড়–য়ার মেসার্স তানি ব্রিকস, জয়নাল আবেদীনের মেসার্স আরবিএম ব্রিকস, মো নুরুচ্ছফার মেসার্স কেএন ব্রিকস। ছাড়পত্র ছাড়া এতদিন কাজ চালানোয় প্রতিটি ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (কারিগরি) তাজনিমুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এবং জেলা প্রশাসনের সনদ গ্রহণ ছাড়াই অবৈধভাবে ইট ভাটাগুলোর কার্যক্রম পরিচালনা হচ্ছিল। তাই এসব ইট ভাটা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। লোহাগাড়ার সংরক্ষিত বনাঞ্চলের নিষিদ্ধ সীমার মধ্যে এসব ইট ভাটা স্থাপন করা হয়েছিলো বলে জানান তিনি। অভিযানের সময় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ফজলে এলাহী ওলি ও লোহাগাড়া উপজেলা হাকিম নির্বাহী কর্মকর্তা বেগম সারা দিবা উপস্থিত ছিলেন। বন বিভাগ ও লোহাগাড়া পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন। নির্বাহী হাকিম ফজলে এলাহী জানান, চলতি সপ্তাহে হাইকোর্ট এক আদেশে লোহাগাড়ার সংরক্ষিত বনাঞ্চলের সীমানার মধ্যে স্থাপিত ইট ভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুসারে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৯২৫ ঘ.