২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোকমান হত্যা: আরো একজনের জবানবন্দি

নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আওলাদ হোসেন রুবেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 12:03 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

নরসিংদী, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার আওলাদ হোসেন রুবেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সোমবার বিকাল সোয়া ৩টা থেকে ৫টা পর্যন্ত জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম রিপতি কুমার বিশ্বাসের খাস কামরায় এ জবানবন্দি নেওয়া হয়। এরপর তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এ নিয়ে এ মামলায় সাতজন ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন বলে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ পরিদর্শক মামুনুর রশীদ মণ্ডল জানান। বাকি ছয়জন হলেন আশরাফুল সরকার, সেলিম, হাজি ফারুক, শাহিন, মাহফুজুর রহমান তাওয়াব ওরফে সবুজ, মীর দেলোয়ার হোসেন শরীফ ওরফে হাতকাটা শরীফ। গত ১২ ডিসেম্বর রাজধানীর নন্দীপাড়া এলাকা থেকে আওলাদ হোসেন রুবেল ও নাজমুল হাসান শরীফ ওরফে কিলার শরীফকে গ্রেপ্তার করে পুলিশ। ১৩ ডিসেম্বর আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজতে নেওয়ার আদেশ দেন। গত ১ নভেম্বর নরসিংদী পৌর মেয়র লোকমান হোসেন জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মুখোশধারীদের গুলিতে আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় লোকমানের ভাই কামরুজ্জামান বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫৭ ঘ.