ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৫৯ বছর করার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি বলেন, “চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়টি অত্যন্ত জরুরি বলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকর হবে।”
বর্তমানে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ বছর।
‘দি পাবলিক সার্ভিস (রিটায়ারমেন্ট) অ্যাক্ট-১৯৭৪’ সংশোধনে অনুমোদিত প্রস্তাবটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এরপরই অধ্যাদেশ জারি হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বয়স বাড়ানোর প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এতে সরকারি চাকরি পাওয়ার বয়সসীমা ৩০ বছর করা, মানুষের গড় আয়ু বৃদ্ধি এবং দক্ষ কর্মকর্তা ও কর্মচারীদের সেবা প্রাপ্তি নিশ্চিত করার বিষয়টি বাড়ানোর পক্ষে যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়।
“তবে অধ্বস্তন কর্মকর্তাদের পদোন্নতি জটিলতা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্র কমে যাওয়ার বিষয়টি বিপক্ষের যুক্তি হিসেবে আসে,” বলেন তিনি।
মোশাররাফ হোসাইন বলেন, “দুই ধরনের যুক্তি শুনে প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এতে কোনো সমস্যা হবে না, বরং এখনো ১২ লাখ অনুমোদিত পদের মধ্যে ২ লাখ পদ শূন্য রয়েছে। এসব পদ দ্রুত পূরণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।”
ইতোমধ্যে অবসর উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়া কর্মকর্তা ও কর্মচারীরা এ সুবিধা পাবেন কি না- জানতে চাওয়া হলে সচিব বলেন, “আগের নিয়ম অনুযায়ী অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) ব্যবস্থা পরিবর্তন করে এখন পিআরএল করা হয়েছে। এ অনুযায়ী যারা অবসরে গেছেন, তারা চলেই গেছেন। নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে তারা কোনো সুবিধা পাবেন না।”
পাবলিক সার্ভিস রিটায়ারমেন্ট অ্যাক্ট-১৯৭৪ সংশোধন প্রস্তাব অনুমোদনের পাশাপাশি সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সচিব বলেন, “যে সব কোটায় প্রার্থী খুঁজে পাওয়া যাবে না, প্রতিবন্ধীদের এ কোটা দিয়ে তা পূরণ করা হবে।”
এছাড়া মন্ত্রিসভায় ‘অপরাধ সম্পর্কিত বিষয়ে পারস্পরিক সহায়তা আইন’ ও ‘বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন’ চূড়ান্ত অনুমোদন এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন’ নীতিগত অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে ‘সাস্টেইনেবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি (সেডা) আইন’-এর নাম পরিবর্তনসাপেক্ষে নীতিগত অনুমোদন এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন’ সংশোধনের প্রস্তাবটি আরো পরীক্ষা করার জন্য ফেরৎ পাঠানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০১০-১১ অর্থবছরের কার্যক্রম সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়।
এতে দেখা যায়, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গত বছরের তুলনায় অগ্রগতি হয়েছে। আগের বছর এডিপি বাস্তবায়ন হয় ৯১ শতাংশ, এ বছর এ হার ৯২ শতাংশ।
এ বছর এডিপির সাত হাজার কোটি টাকা বেশি ব্যয় করা সম্ভব হয়েছে বলে সচিব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৬২৩ ঘ.
bdnews24