২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইনজীবীদের উদাসীনতায় বিব্রত ট্রাইব্যুনাল প্রধান

রোববার মধ্যাহ্ন বিরতির পর আইনজীবীরা দেরিতে ট্রাইব্যুনালে আসায় বিব্রত বোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 03:45 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রোববার মধ্যাহ্ন বিরতির পর আইনজীবীরা দেরিতে ট্রাইব্যুনালে আসায় বিব্রত বোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি নিজামুল হক। দুপুর ২টায় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর এজলাসে আসেন ট্রাইব্যুনালের তিন বিচারক। ওই সময় আদালতকক্ষে শুধু প্রধান আইনজীবি গোলাম আরিফ টিপু উপস্থিত ছিলেন। এ সময় ট্রাইব্যুনাল প্রধান নিজামুল হক প্রধান আইনজীবী প্যানেলের অন্যান্য সদস্যের অবস্থান সম্পর্কে প্রধান আইনজীবী টিপুর কাছে জানতে চান। ট্রাইব্যুনালের অন্য বিচারক একেএম জহির আহমেদ বলেন, “আমাদের যে সময় আসার কথা ছিল তার ১৫ মিনিট পরে আমরা এসেছি। কিন্তু আশ্চর্যের বিষয় পুরো আইনজীবী প্যানেলই অনুপস্থিত।” এর পর কিছুটা হতোদ্যম হয়ে প্যানেলের অন্যান্য সদস্যদের এবং জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে একটি মামলার সাক্ষীদের খুঁজতে বাইরে যান প্রবীণ আইনজীবী গোলাম আরিফ টিপু। রোববার মধ্যাহ্ন বিরতির পর ওই সাক্ষীদের জেরা শুরু করার সময় নির্ধারিত ছিল। এদিন দ্বিতীয় সাক্ষীকে জেরা করা হয়। তার আগে ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে আটক জামায়াতের শীর্ষ চার নেতার বিষয়টি ডিসেম্বরের ২৮ তারিখে আমলে নেবে বলে ইল্লেখ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/আরআরডি/পিডি/২১৪৫ ঘ.