ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যানজট নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন যোগাযোগ সচিব (ভারপ্রাপ্ত) এম এ এন ছিদ্দিক।
রোববার রাজধানীর রমনায় সড়ক ভবনে ঢাকা মহানগরীর যানজট নিরসনে করণীয় নির্ধারণে সভা শেষে তিনি এ কথা জানান।
সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত থাকলেও বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেননি।
সভায় নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের কথা জানিয়ে সচিব বলেন, কমিটির সুপারিশের ভিত্তিতে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হবে।
বিআরটিসি স্কুল বাসের সংখ্যা আরো বাড়ানো হবে জানিয়ে সচিব বলেন, স্কুলের সামনে নির্দিষ্ট স্থান ছাড়া যেন পার্কিং করা না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৫ জানুয়ারি প্রাথমিকভাবে মিরপুরের পল্লবী থেকে আজিমপুর রুটে বিআরটিসির স্কুল বাস সার্ভিস চালু হয়। এর আওতায় ১৪টি বাসে নির্ধারিত ভাড়ার বিনিময়ে ২৬টি স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সুযোগ পান এ বাসে চড়ার।
রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনালের সামনের রাস্তায় এবং বাড়িগুলোর সামনেও কোনো যানবাহন পাকিং করা যাবে না বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
সভায় নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানসহ যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৭৩৩ ঘ.
bdnews24