২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে আগুন সিলেটেও, মারা গেল এক জন

ঢাকার মতো সিলেটেও একটি বাসে আগুন দেওয়া হলে পুড়ে এক জনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 06:44 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

সিলেট, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার মতো সিলেটেও একটি বাসে আগুন দেওয়া হলে পুড়ে এক জনের মৃত্যু হয়েছে। রোববার ঢাকায় গোলযোগ শুরুর কয়েক ঘণ্টার মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার চণ্ডিপুল এলাকায় বাসটিতে আগুন ধরানো হয়। এটি হবিগঞ্জ থেকে সিলেট আসছিলো। অগ্নিদগ্ধ এক জনের লাশ ঘটনাস্থলে দেখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি। নিহত ব্যক্তি ওই বাসটিতে ছিলেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এ সময় আহত হয়েছেন অনেকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘জিয়ার সৈনিক এক হও’ স্লোগান দিয়ে দুপুর ১২টার দিকে চারটি মটর সাইকেলে এক দল যুবক হঠাৎ বাসটি থামিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। বাসে আগুন দেওয়ার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায়, আগুন নেভাতে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক বাহিনীকে। বাসে আগুনে এক জনের মৃত্যুর পরপরই বিক্ষুব্ধ লোকজন ওই এলাকায় ভাংচুর শুরু করে। তারা ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করে রাখে। পরে দুপুর দেড়টার দিকে যান চলাচল শুরু হয়। সকালে ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপিকর্মীদের পুলিশ লাঠিপেটার পরপরই একাধিক গাড়িতে আগুন দেওয়া হয়। কয়েকটি স্থানে বিস্ফোরণও ঘটে । এর পরপরই সিলেটে বাসে আগুন দেওয়া হলো। চণ্ডিপুলে বাসে আগুন দেওয়ার পাশাপাশি নগরীর সোবাহানীঘাট, মেন্দিবাগ, কুমারপাড়া ও সুবিদবাজার, চৌহাট্টা ও পাঠানটুলা এলাকায় আরো ১৫/২০টি গাড়ি ভাংচুর করা হয়। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন দক্ষিণ সুরমার ধরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৬৫), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তোপখানা গ্রামের হামিদা আক্তার (৫০), মৌলভীবাজারের জাউয়া গ্রামের মুিজবুর রহমান (৪০), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের আব্দুল হামিদ (২৩), সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জাউয়া গ্রামের সমর মিয়া (৩৫)। এছাড়া পাঠানটুলায় বাস ভাংচুরের ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবিদা আক্তার (২৫) ও চৌহাট্টয় ভংচুরের ঘটনায় সোহেল আহমদকে (২২) ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দক্ষিণ সুরমা থানার ওসি আবু শামা ইকবাল হায়াত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। গাড়িতে আগুন এবং ভাংচুরের প্রতিবাদে বিকালে বিক্ষোভ মিছিল করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। মিছিলে নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুজ জহির সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, সিািট মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। চণ্ডিপুলে বাসে আগুনে জড়িত থাকার অভিযোগে নয় জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া। তারা হলেন- দক্ষিণ সুরমার বদিকোনার আফজাল হোসেন, ইকবাল হোসেন, নিজাম উদ্দিন, সাব্বীর আহমদ, বোরহান আহমদ, সিলামের রুহেল আহমদ, ধরাধরপুরের আনোয়ার, জৈন্তাপুর উপজেলার চতুলের বদরুল এবং জকিগঞ্জ উপজেলার ভক্তিপুরের সাজু। এছাড়া নগরীতে ভাংচুরের ঘটনায় আরো তিন জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়। এদিকে ধরাধরপুরে লন্ডন প্রবাসী এক ব্যক্তি সড়কের অবরোধ তুলে দিতে পুলিশকে অনুরোধ জানালে তার সঙ্গে বধিকোনা এলাকাবাসীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় অন্তত পাঁচ জন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮২৬ ঘ.