২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুপ্তহত্যা শব্দটি দুরভিসন্ধিমূলক: টুকু

দেশে ‘নিখোঁজ’ বা ‘অপহৃত’ হওয়ার পর লাশ উদ্ধারের ঘটনায় গুপ্তহত্যা শব্দটি ‘দুরভিসন্ধিমূলকভাবে’ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 05:02 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

পাবনা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে ‘নিখোঁজ’ বা ‘অপহৃত’ হওয়ার পর লাশ উদ্ধারের ঘটনায় গুপ্তহত্যা শব্দটি ‘দুরভিসন্ধিমূলকভাবে’ ব্যবহার করা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। শনিবার বিকালে পাবনায় এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, “হত্যা হত্যাই। দুরভিসন্ধিমূলকভাবে গুপ্তহত্যা শব্দটি এনে জাতিকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে।” স¤প্রতি দেশে আইন-শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র‌্যাবের পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে, যাদের লাশ পরে ‘উদ্ধার’ করা হয়েছে বিভিন্ন স্থান থেকে। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অপহরণ কিংবা গুপ্তহত্যার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। পাবনার সুজানগর উপজেলার চিনাখরা উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগের স্থানীয় এক নেতার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তৃতা দিচ্ছিলেন প্রতিমন্ত্রী টুকু। তিনি বলেন, “হত্যাকারীরা নিজেরা বাঁচার জন্য এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে। এটি সব সময়ই হয়ে থাকে।” এ প্রসঙ্গে তিনি চট্টগ্রামে বিএনপি নেতা ব্যবসায়ী জামাল উদ্দিন অপহরণ ও নিহত হওয়ার কথা উল্লেখ করে বলেন, “তার হাড়গোড় আমাদের সরকারের আমলে বের হয়।” টুকু বলেন, “যারা জঙ্গি সৃষ্টি করেছিল যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তারা সন্ত্রাসীদের দিয়ে এসব করাচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।” দেশে ‘নিখোঁজ’ বা ‘অপহৃত’ হওয়ার পর লাশ উদ্ধারের ঘটনা বেড়ে যাওয়ায় জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজ উদ্বেগ প্রকাশ করে আসছে। মানবাধিকার সংগঠন অধিকার’র হিসেবে, গত এক মাসে ২৭ জন নিখোঁজ হয়েছে। এদের কয়েকজনের লাশ পরে পাওয়া যায়, যার মধ্যে বিরোধী দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলের এক নেতাও রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/পিডি/২৩০১ ঘ.