ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রিটিশ দৈনিক দ্য টাইমসে বাংলাদেশ বিষয়ক একটি ক্রোড়পত্র প্রকাশ করছে সরকার।
দেড় লাখ ডলার ব্যয়ে ১২ পৃষ্ঠার এই ক্রোড়পত্রটি প্রকাশ হবে আগামী ১৯ ডিসেম্বর।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার অণুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার বলেন, “বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলায় বর্তমান সরকারের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে এটি প্রকাশ হচ্ছে।”
“ক্রোড়পত্রটি ছাপা হবে ১৮ লাখ কপি,” যোগ করেন এ কর্মকর্তা।
ক্রোড়পত্রে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পর্যটনমন্ত্রী জিএম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সাক্ষাৎকার থাকছে।
শামীম বলেন, “ক্রোড়পত্রে বেসরকারি খাতকে হাইলাইট করা হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাককে নিয়ে একটি প্রতিবেদন থাকছে ক্রোড়পত্রে।”
এতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকি, সুশাসন ইত্যাদি বিষয় প্রাধান্য পেয়েছে বলে জানান তিনি।
ব্রিটিশ মিডিয়া এজেন্সি আপার রিচ ক্রোড়পত্রের পুরো বিষয়টি তত্ত্বাবধান করেছে। এতে সহায়তা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্প্রচার অণুবিভাগ।
এজেন্সির একটি দল ঢাকায় এ নিয়ে কাজ করে গেছে এবং আরো একটি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে বলে জানান শামীম আহসান।
বিভিন্ন দেশের অর্থনীতি ও ব্যবসা পরিস্থিতি বিশ্লেষণ, গবেষণা এবং সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করে থাকে আপার রিচ।
প্রতিষ্ঠানটির বিশেষ প্রতিবেদনগুলো তার মিডিয়া পার্টনার দ্য টাইমস প্রকাশ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২২৩৬ ঘ.
bdnews24