বরগুনা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে বরগুনা শহরে একটি ক্লিনিকে ভাংচুর চালিয়েছে স্বজনরা।
শনিবার শহরের কলেজ রোডের সেন্ট্রাল ক্লিনিকে এ হামলা চালানো হয়।
নবজাতকটির বাবা বরগুনা সদরের বুড়িরচর গ্রামের স্কুল শিক্ষক বশির উদ্দিন জানান, শুক্রবার বেলা ১২টার দিকে তিনি তার স্ত্রীকে খাদিজা বেগমকে (২৮) ডা. হুমায়ূন খান শাহিনের চেম্বারে নেন। ওই চিকিৎসক তার স্ত্রীকে সেন্ট্রাল ক্লিনিকে নিয়ে যেতে বলেন।
সেন্ট্রাল ক্লিনিকে ভর্তি করার পর রাত সাড়ে ৮টার দিকে ডা. হুমায়ূন প্রসূতির অস্ত্রোপচার করেন। তাদের একটি ছেলে হয়।
বশির অভিযোগ করে বলেন, “ক্লিনিকে শিশু চিকিৎসক না থাকায় বিনা চিকিৎসায় শনিবার বেলা ১টার দিকে আমার সন্তান মারা যায়।”
ক্লিনিকের মালিক ডা. কামরুল ইসলাম জানান, নিউমোনিয়া নিয়েই শিশুটি জন্মগ্রহণ করেছিল। ঠা-াজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
বরগুনা থানার উপ-পরিদর্শক মুনসুর আলী জানান, এ ব্যাপারে নবজাতকের বাবা বশির উদ্দিন বরগুনা থানায় অভিযোগ করেছেন। আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
ক্লিনিকটির চিকিৎসকসহ কর্তৃপক্ষের লোকজন পলাতক রয়েছেন বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/২২২৪ ঘ.
bdnews24