২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত পণ্য বহন বন্ধ হচ্ছে মেঘনা-গোমতি সেতুতে

এ সেতুতে ২৫ ডিসেম্বর থেকে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে ‘ওভারলোড কন্ট্রোল মেশিন’ বা ওজন স্কেল বসানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দাউদকান্দির মেঘনা-গোমতি সেতুর ওপর দিয়ে ২৫ ডিসেম্বর থেকে অতিরিক্ত পণ্য পরিবহন বন্ধে ‘ওভারলোড কন্ট্রোল মেশিন’ বা ওজন স্কেল বসানো হয়েছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সেতুর টোল প্লাজার কাছে যানবাহনের ওজন মাপার এ স্কেলের উদ্বোধন করেন। মন্ত্রী বলেন, “সড়ক-মহাসড়ক ও সেতু দেশের সম্পদ। অতিরিক্ত ওজন পরিবহণের ফলে প্রতিবছর হাজার হাজার কোটি টাকার সড়ক সম্পদ নষ্ট হচ্ছে। এসব সম্পদ রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও দায়িত্ব রয়েছে।” ঝুঁকিপূর্ণ মেঘনা সেতুর সুরক্ষা এবং দেশের অর্থনীতির ‘লাইফ-লাইন’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানবাহন চলাচলের উপযোগী রাখতে এ ওজন স্কেল স্থাপন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। স্কেল ব্যবহারে টোল প্লাজার কর্মীসহ সংশ্লিষ্টদের সচেতন থাকারও আহ্বান জানান কাদের। মেঘনা সেতু মেরামতে ইতোমধ্যে ১৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রাক-যোগ্যতা যাচাইয়ে দরপত্র আহ্বান শেষ হয়েছে। সেতু মেরামতকালে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে মেঘনা সেতুর পাশাপাশি ফেরি সার্ভিসও চালু করা হবে। চট্টগ্রাম বন্দর সংযোগ পয়েন্ট, অলংকার মোড়, সীতাকুণ্ড বাজার, বারইয়ারহাট বাজার, ফেনীর মহীপাল, কুমিল্লার বিশ্বরোডের মোড়সহ বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়াতে হাইওয়ে পুলিশসহ পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন যোগাযোগ মন্ত্রী। অন্যদের মধ্যে স্থানীয় সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া, স্বরাষ্ট্র্র সচিব মনজুর হোসেন, সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান খান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আবদুল কুদ্দুস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৭৩৮ ঘ.