কুড়িগ্রাম/দিনাজপুর, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত সরকার সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধের প্রতিশ্র“তি দিলেও কুড়িগ্রাম ও দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে তিন জন নিহত হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তে শুক্রবার গভীর রাতে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএএসএফ সদস্যরা।
“মধ্যরাতে ২৯০ সীমান্ত পিলারের কাছে গুলির শব্দ পেয়ে দাউদপুর বিজিবি ক্যাম্পের টহল দল অনুসন্ধানে যায়। ভোরে তারা নিশ্চিত হয় যে, গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে।”
নিহতরা হলেন নবাবগঞ্জ উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের মতিয়ার রহমান (২০) এবং বিরামপুরের রনগাঁও গ্রামের তাইজুল ইসলাম (২৬)।
এদিকে শনিবার ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষীদের গুলিতে নিহত হন আলমগীর ইসলাম (২৫) নামে আরেক বাংলাদেশি। তার বাড়ি কৃষ্ণানন্দ বকশী গ্রামে।
শিমুলবাড়ী বিজিবি বিওপি কমান্ডার সুবেদার নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার গোড়কমণ্ডল সীমান্তের ৯৩০ নম্বর পিলারের কাছে আলমগীরকে গুলি করে বিএসএফ সদস্যরা।
“একটি গুলি আলমগীরের বাম পাঁজর ফুঁড়ে বেরিয়ে যায়। সঙ্গীরা তাকে ফুলবাড়ী হাসপাতালে নেওয়ার পথে আলমগীর মারা যায়।”
ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে নিরস্ত্র বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা বাড়তে থাকায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল চলতি বছরের শুরুতে তাদের প্রতিবেদনে ভারত সরকারের কঠোর সমালোচনা করে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।
এই পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষ থেকে জানানো হয়, হতাহতের ঘটনা কমিয়ে আনতে বিএসএফ সদস্যদের তারা ‘প্রাণঘাতি নয়’- এমন অস্ত্র সরবরাহ করছে।
গত কিছুদিনে সীমান্তে হত্যার ঘটনা কিছুটা কমে এলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিটি বৈঠকেই এ বিষয়ে আলোচনা হয়।
বিজিবি ৪০ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তারেক জানান, শনিবারের ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।
এছাড়া সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন শিমুলবাড়ী বিওপি কমান্ডার সুবেদার নিজাম উদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৪৩৯ ঘ.
bdnews24