ঝিনাইদহ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে অপহরণের ছয় দিন পর এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত সুমাইয়া ইসলাম শ্রাবণী (৮) সদর উপজেলার হলিধানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো।
সিঙ্গাপুর প্রবাসী কাজী রবিউল ইসলামের মেয়ে শ্রাবণীকে অপহরণ এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তারই দূর সম্পর্কের এক চাচাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পাশে নবগঙ্গা নদীর ধোপাঘাটা সেতুর নিচে একটি বস্তায় শ্রাবণীর লাশ পাওয়া যায় বলে ঝিনাইদহ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানিয়েছেন।
শ্রাবণীকে গত সোমবার অপহরণ করা হয়েছিলো। বাবা দেশের বাইরে থাকায় শ্রাবণী তার মা জহুরা আঁখির সঙ্গে হলিধানী গ্রামে নানা বাড়িতে থাকতো। তার বাবার বাড়ি হরিণাকুণ্ডু উপজেলা কুলবাড়ে গ্রামে।
এ অপহরণে জড়িত থাকার অভিযোগে কুলবাড়ে গ্রামের কলম ও রুমানকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জামান সাংবাদিকদের জানান। শ্রাবণীর দূর সম্পর্কের চাচা হন কলম।
গত সোমবার স্কুল থেকে কলমই শ্রাবণীকে ডেকে নেয় বলে তার মা আঁখির অভিযোগ। বের হওয়ার পরপরই একটি মাইক্রোবাসে করে শ্রাবণীতে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী জানান, কলম ও রুমান অপহরণের পর ওই রাতেই শ্রাবণীকে হত্যার কথা স্বীকার করেছে।
অপহরণে ব্যবহৃত মাইক্রোবাসটিও উদ্ধার করেছে পুলিশ।
শ্রাবণীকে অর্থের জন্যই অপহরণ করা হয়েছিলো বলে তার পরিবারের অভিযোগ। আঁখি জানান, অপহরণের পরপরই ৬ লাখ টাকা মুক্তিপণ চেয়ে তাদের কাছে টেলিফোন এসেছিলো।
ওসি বলেছেন, পুলিশ নিহতের পরিবারের অভিযোগসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৩ ঘ.
bdnews24