২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধার ফুল আর শপথের ঝাণ্ডা

বীর সন্তানদের স্মরণ এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মধ্য দিয়ে অসমাপ্ত দায়িত্ব পালনের শপথ নিয়ে বিজয়ের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বীর সন্তানদের স্মরণ এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের মধ্য দিয়ে অসমাপ্ত দায়িত্ব পালনের শপথ নিয়ে বিজয়ের ৪০ বছর পূর্তি উদযাপন করেছে বাংলাদেশ। শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেরে বাংলা নগরে জাতীয় প্যারেড স্কয়ারে (পুরনো বিমানবন্দর) ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূর্যোদয়ের পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। স্মৃতিসৌধে ফুল দেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। সাধারণ এই ছুটির দিনে এরপর শহীদ মিনারে নামে মানুষের ঢল। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের এই দিনে দুই যুগের পাকিস্তানি শাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ। বিশ্বের মানচিত্রে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যূদয়ের এ দিনটি উদযাপনে সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজন করে নানা অনুষ্ঠান। দিনটি উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় হয় আলোকসজ্জা। রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো জাতীয় পতাকা ও রং-বেরংয়ের পতাকায় সাজানো হয়। বিজয় দিবসে বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য টেলিভিশন চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠানমালা। সংবাদপত্র প্রকাশ করে বিশেষ ক্রোড়পত্র। জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর সাড়ে ৬টায় সাভার স্মৃতিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনকনে শীতের মধ্যে কুয়াশা ঘেরা স্মৃতিসৌধের সামনে তখনি জড়ো ছিলো কয়েক হাজার মানুষ। তাদের হাতে পতাকা, কপালে লাল-সবুজ ফিতা, পোশাকেও জাতীয় পতাকার প্রতীকী উপস্থিতি। ৬টা ৪০ এ স্মৃতিসৌধের বেদিমূলে ফুল দেন প্রধানমন্ত্রী। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সালাম জানায়। শহীদদের স্মরণে বিউগলে বাজানো হয় করুণ সুর। যাদের আত্মত্যাগে পৃথিবীর বুকে বাংলাদেশ নামের এই স্বাধীন দেশের উৎপত্তি হয়েছে, কিছুটা সময় নিরবে দাঁড়িয়ে সেই শহীদদের স্মরণ করেন শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, মুক্তিযোদ্ধা এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে নেতাকর্মীদের নিয়ে আবার ফুল দেন শেখ হাসিনা। পরে স্মৃতিসৌধের পরিদর্শক বইয়ে সই করেন তিনি। অসুস্থতার কারণে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ বছর স্মৃতিসৌধে যাননি। তবে বঙ্গভবনে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। বঙ্গভবনে রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশের ৪০ বছর পূর্তি উপলক্ষে একটি কেক কাটা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে এই কেক কাটেন। বঙ্গভবনের এই অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তা, কূটনীতিকরাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের পর স্মৃতিসৌধে ফুল দেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি স্মৃতিসৌধে পৌঁছান সাড়ে ৭টার দিকে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে ছিলেন। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর কোনো চেষ্টাই সফল হবে না। “এবার বিজয়ের ৪০ বছরে আমাদের অঙ্গীকার যুদ্ধাপরাধীদের বিচার এ মাটিতেই হবে এবং এই বিচারের রায়ও কার্যকর করা হবে।” সরকার সা¤প্রদায়িকতামুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলেও উ¬েল্লখ করেন তিনি। এদিকে বিএনপি অভিযোগ করেছে, স্মৃতিসৌধে ঢোকার আগে নবীনগরে খালেদার গাড়িবহরকে আটকে রাখা হয়। এটা সরকারের অব্যবস্থাপনার নজির দাবি করে এর সমালোচনা করেন বিরোধী দলের নেতারা। রীতি অনুযায়ী রাষ্ট্রপতি প্রতি বছর বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করলেও স্বাস্থ্যগত কারণে মো. জিল্লুর রহমান যে এবার প্যারেড ময়দানে আসছেন না- তা জানিয়ে দেওয়া হয়েছিল আগেই। তার বদলে এবার কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী প্যারেড ময়দানের অনুষ্ঠানে যোগ দেন সোয়া ৯টার দিকে। বর্ণাঢ্য এই আয়োজনে সশস্ত্র বাহিনীর বিভিন্ন শাখার অগ্রগতির তথ্য জানানো হয় অতিথিদের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেনা, নৌ ও বিমানবাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সদস্যরা সুসজ্জিতভাবে এই কুচকাওয়াজে অংশ নেয়। বিমান বাহিনীর অংশগ্রহণে প্রধানমন্ত্রীকে ‘ফ্লাইং সেলুট’ দেয় যুদ্ধ বিমান ‘মিগ-২৯’। এরপর সম্মিলিত বাদক দলের সালাম প্রদানের মধ্য দিয়ে কুচকাওয়াজ শেষ হয়। স্মৃতিসৌধে যাওয়া এবং কুচকাওয়াজ পরিদর্শনের পাশাপাশি ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। তার সঙ্গে আওয়ামী লীগের নেতারাও ছিলেন। বিজয় দিবস উপলক্ষে কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাসদ, ন্যাপসহ বিভিন্ন রাজনৈতিক দল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়। সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা, পোস্টার প্রদর্শনী ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনসহ অন্যান্য অনুষ্ঠান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘রক্তে রাঙা বিজয় আমার’ স্লোগানে অনুষ্ঠান হয়। সকালে চিহ্নিত যুদ্ধাপরাধীদের ব্যঙ্গচিত্রে তীর নিক্ষেপের কর্মসূচি আয়োজন করে ‘স্লোগান ৭১’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন হয়। রাজধানীর মতো সারাদেশেই উৎসবমুখর পরিবেশে বিজয় দিবস উদযাপিত হয়েছে। তবে কয়েকটি স্থানে গোলযোগও হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সরকারদলীয় সংসদ সদস্যদের হামলায় পণ্ড হয়ে যায় বিজয় দিবসের অনুষ্ঠান। একই ধরনের ঘটনা ঘটে পাবনার ফরিদপুরেও। নোয়াখালীর সেনবাগে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। বিজয় দিবসে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এএইচএ/জেকে/এমআই/০০৩৮ ঘ.