২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গা সেতু অবরোধ, টোল ঘর পোড়াল ‘বিক্ষুব্ধরা’

টোল আদায়কে কেন্দ্র করে গত বুধবার রাতের গণ্ডগোলের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে হাজার হাজার ‘বিক্ষুব্ধ’ মানুষ প্রায় তিন ঘণ্টা বুড়িগঙ্গা প্রথম সেতু অবরোধ এবং সেতুর ইজারাদারের টোল ঘর পুড়ে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টোল আদায়কে কেন্দ্র করে গত বুধবার রাতের গণ্ডগোলের সূত্র ধরে বৃহস্পতিবার সকালে হাজার হাজার ‘বিক্ষুব্ধ’ মানুষ প্রায় তিন ঘণ্টা বুড়িগঙ্গা প্রথম সেতু অবরোধ এবং সেতুর ইজারাদারের টোল ঘর পুড়ে দিয়েছে। এ সময় প্রায় ৭৮ লাখ টাকা লুট হয় বলে অভিযোগ করেছে সেতুর ইজারাদার। এই ঘটনার জন্য ইজারাদারের পক্ষ থেকে সংসদ সদস্য নসরুল হামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে সংসদ সদস্য এই অভিযোগ অস্বীকার করেছেন। ইজারাদার মো. ওয়াসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাতে মামুন নামে একজন নিজেকে সংসদ সদস্য নসরুল হামিদের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে টোল না দিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু দায়িত্বরত কর্মীরা তার পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে আটকে রাখেন।” এ অবস্থার মামুন সংসদ সদস্যকে ফোন করে তাদের কর্মী নয়নকে ধরিয়ে দেয় উল্লেখ করে তিনি বলেন, “সংসদ সদস্য ওই কর্মীকে গালাগাল করে। এছাড়া মামুনও গালাগাল করে টোল না দিয়ে চলে যায়।” এ ব্যাপারে নসরুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামুন নামে তার এক ব্যাক্তিগত সহকারী থাকলেও তিনি বুধবার রাতে ওই সড়ক দিয়ে যাননি। তিনি বলেন, ওই রাতে টোল আদায়কারী কারো সঙ্গে তার কথা হয়নি। ইজারাদার মো. ওয়াসিম বলেন, ওই রাতে মামুন চলে যাওয়ার কিছুক্ষণ পর কেরাণীগঞ্জ থানার পুলিশ এসে তাদের লোকজনকে মারধরের পর আটক করে গাড়িতে তুলে নেয়। পরে তাদের শ্যামপুর থানায় নিয়ে আটকে রাখে। বৃহস্পতিবার সকালে প্রায় তিন-চার হাজার লোক এসে তাদের টোল ঘর পুড়িয়ে দেয় উল্লেখ করে ওয়াসিম বলেন, এছাড়া তারা সেতু অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। “এ সময় তারা প্রায় ৭০ লাখ টাকা লুট করে এবং টোল ঘরে থাকা প্রায় সাত লাখ টাকা পুড়ে যায়। পুড়ে যাওয়া কিছু টাকা পুলিশ উদ্ধার করেছে।” এরপর আটক কর্মীকে পুলিশ ছেড়ে দিলে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান ওয়াসিম। এ ব্যাপারে সংসদ সদস্য নসরুল বলেন, “হামলাকারীরা সিএনজি, রিকশা এবং রিকশা ভ্যানের লোকজন। তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হচ্ছে- এজন্য তারা ক্ষুদ্ধ হয়ে এই কাজ করেছে।” এই গণ্ডগোলের খবর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে শুনেছেন উল্লেখ করে সংসদ সদস্য বলেন, এ সময় তিনি রিহ্যাব মেলায় ছিলেন। ওয়াসিম নিজেকে ইজারাদার বললেও তিনি প্রকৃত ইজারাদার নন বলে দাবি করেন সংসদ সদস্য। তিনি বলেন, “অন্যের নামে নেওয়া ইজারা সে পরিচালনা করে মাত্র।” সুমাইয়া এন্টার প্রাইজ ও চৌধুরী ট্রেডিং কর্পোরেশন- এই দুই নামে ইজারা নেওয়া হয় জানিয়ে ওয়াসিম বলেন, সুমাইয়া এন্টারপ্রাইজ তার প্রতিষ্টান। এ ব্যাপারে শ্যামপুর থানার ওসি কুতুবুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইজারাদারের পক্ষ থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে কিছু পোড়া টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১৫১ ঘ.