মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সঠিক পথেই চলছে বলে মনে করেন একাত্তরে অপারেশন জ্যাকপটে অংশ নেওয়া নৌ কমান্ডো মো. নুরুল হক বীর প্রতীক। তবে মানবতাবিরোধী অপরাধীদের প্রতি বেশি মানবিকতা দেখানোর বিষয়ে তিনি সতর্ক থাকতে বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একান্ত সাক্ষাৎকারে তিনি প্রশ্ন রাখেন, “তারা যখন একাত্তরে আমাদের নির্বিচারে মেরেছিল, তখন গণতন্ত্র-মানবিকতা কোথায় ছিল?”
১১ ডিসেম্বর সকালে চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে নুরুল হকের সঙ্গে এই আলাপচারিতায় বার বার ফিরে আসে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সেই সব দিনগুলো। উঠে আসে বীরত্বের জন্য খেতাব পাওয়া এই মুক্তিযোদ্ধার ব্যক্তিগত অনুভূতির কথাও।
নুরুল বলেন, “সে সময় স্বার্থের জন্য কেউ যুদ্ধে লড়ে নাই। স্বার্থের জন্য হলে মুক্তিযুদ্ধে জেতা যেত না। দেশের টানে, ভালোবাসায় সবাই যুদ্ধে গেছে।”
“এখন সবাই লোভী হয়ে গেছে। দেশের প্রতি দরদ মানুষের খুবই কম”, আক্ষেপের সুরে বলেন তিনি।
মুক্তিযুদ্ধে বিজয়ের ৪০ বছর আর নিজের ৬৫ বছর বয়সে দাঁড়িয়ে এই মুক্তিযোদ্ধা দেশের কাছে আর কিছুই চান না; শুধু চান যুদ্ধাপরাধীদের বিচার ও সর্বোচ্চ শাস্তি হোক।
“যুদ্ধাপরাধীদের যে বিচার প্রক্রিয়া চলছে তা অনেকটাই ঠিক আছে। তবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের প্রতি বেশি মানবিক হওয়া ঠিক না।”
অপারেশন জ্যাকপট
একাত্তরে স্বাধীনতার দাবিতে বাঙালির লড়াই যখন চূড়ান্ত পর্যায়ে, নুরুল তখন টগবগে তরুণ। বন্দর সংলগ্ন এলাকায় পারিবারিক পরিবহন ব্যবসা ছিল তাদের। সেই সময় চট্টগ্রামের সব মিছিল-সমাবেশেই অংশ নিতেন তিনি।
“কোনো দলে সাংগঠনিকভাবে যুক্ত ছিলাম না তখন। তবে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এম এ আজিজসহ সবাই আমাকে চিনতেন।”
মার্চে যুদ্ধ শুরুর পরপরই মিরসরাই হয়ে ভারতে যান নুরুল। সেখানে হরিণা ক্যাম্পে এক সপ্তাহের গেরিলা প্রশিক্ষণ নিয়ে ফিরে আসেন চট্টগ্রামে।
এপ্রিলের শেষদিকে নগরীর বিআরটিসি মোড়ে রেলওয়ে মেনজ ক্লাব এবং দেওয়ানহাট মোড়ে পাক সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে ‘গ্রেনেড’ হামলা চালান এই গেরিলা যোদ্ধা। এ রকম কয়েকটি অপারেশনে অংশ নেওয়ার পর নাম লেখান নৌ কমান্ডো দলে। প্রশিক্ষণ নিতে আবারো ভারতে যেতে হয়।
ভাগীরথি নদীতে তিনমাসের প্রশিক্ষণ শেষে অগাস্টে চট্টগ্রামে ফেরেন নুরুল। সে সময় নৌ কমান্ডোরা লিম্পেট মাইন বেঁধে চট্টগ্রাম বন্দরের জেটিতে বেশ কয়েকটি জাহাজ ডুবিয়ে দেন, যার সাংকেতিক নাম ছিল ‘অপারেশন জ্যাকপট’।
সেই সময়ের কথা স্মরণ করে নুরুল হক বীর প্রতীক বলেন, ১৪ অগাস্ট পাকিস্তানের জাতীয় দিবসে অপারেশনের দিন ঠিক ছিল। কিন্তু কোনো একটা কারণে তা পিছিয়ে ১৫ অগাস্ট করা হয়। সারাদেশে নৌ ও সমুদ্র বন্দরে একইসময়ে পরিচালিত সমন্বিত নৌকমান্ডো অভিযান ছিল এটি।
মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ চৌধুরী (এ ডব্লিউ চৌধুরী) ছিলেন চট্টগ্রামের নৌ কমান্ডোদের দলনেতা। অভিযানে প্রত্যেক কমান্ডোর সঙ্গে ছিল ছয় কেজি ওজনের লিম্পেট মাইন ও একটি করে ছুরি।
“কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে চরলক্ষ্যা ইউনিয়নের একটি বাড়িতে আমরা অবস্থান নেই। কলকাতা বেতারে রাত ১২টার পর বেজে ওঠে অপারেশন শুরুর সাংকেতিক গান ‘আজকে যাবে পুতুল আমার শ্বশুর বাড়ি’। গানের দুটি লাইন বাজার পর অপারেশনের জন্য তৈরি হয়ে যাই আমরা। পরের গানটি শুরু হলে লিম্পেট মাইন নিয়ে নদীতে নেমে পড়ি আমরা।”
তিন মাসের প্রশিক্ষণ পাওয়া এই নৌ কমান্ডোরা নদীর অন্য পাড়ে গিয়ে বন্দরের জেটিতে থাকা প্রায় সব জাহাজের তলায় মাইন বেঁধে দেন এরপর। মাইনের প্লাস্টিক ক্যাপ খুলে নেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায় অধ ঘণ্টার ডেটোনেশন প্রক্রিয়া। এর মধ্যেই সাঁতরে পাথরঘাটা-ফিরিঙ্গিবাজার এলাকায় চলে যান নৌ কমান্ডোরা।
ওই রাতে চট্টগ্রাম বন্দরে থাকা আল আব্বাস, আল হরমুজসহ অন্তত ১৩টি ছোটবড় জাহাজ পুরোপুরি ধ্বংস অথবা আংশিক ক্ষতিগ্রস্ত হয় অপারেশন জ্যাকপটে।
বন্দিদশায় নির্যাতন
নুরুল হকের নেতৃত্বে তিন নৌ-কমান্ডোর একটি দল আনোয়ারার গহিরা উপকূলে দাঁড়িয়ে থাকা একটি বিদেশি জাহাজে লিম্পেট মাইন লাগিয়ে বিস্ফোরণ ঘটায় ২২ নভেম্বর রাতে।
সেই অভিযান শেষে ফেরার পথে পানির ঘূর্ণিতে পড়ে মারা যান মুক্তিযোদ্ধা মো. ফরিদ। ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পতেঙ্গা ১৫ নম্বর জেটিঘাটে ফিরতে পারলেও নুরুল হক ও এস এম মাওলা ধরা পড়েন পাকিস্তানি নৌ সেনাদের হাতে।
বন্দি অবস্থায় ব্যাপক শারীরিক নির্যাতন চালানো হয় এাই দুই জনের ওপর। শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর জাতির মুক্তির সঙ্গে সঙ্গে মুক্তি পান নৌ কমান্ডো নুরুল হকও।
‘সেটুকুই পীড়া দেয়’
দেশ স্বাধীন হওয়ার দুই বছর পর ১৯৭৩ সালে নুরুল জানতে পারেন, মুক্তিযুদ্ধে অবদানের জন্য রাষ্ট্র তাকে ‘বীর প্রতীক’ খেতাব দিয়েছে। চট্টগ্রামের সাতজন ‘খেতাবপ্রাপ্ত বেসামরিক মুক্তিযোদ্ধা’র মধ্যে তিনিও একজন।
“মুক্তিযুদ্ধে খেতাব পেতে যুদ্ধ করিনি। বেসামরিক লোকজন যুদ্ধে অংশ নিয়েছে দেশের জন্য, বিবেকের টানে। সে সময় জীবনের পরোয়া করিনি, হয়তো বুঝিনি জীবন কী। সে কারণেই হয়তো দেশের জন্য জীবনবাজি রেখে যুদ্ধ করতে পেরেছি”, বলেন তিনি।
বহদ্দারহাটের মৃত শামসুল হুদা ও মোস্তফা খাতুনের চার ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট নুরুল হক বিয়ে করেন ১৯৭৫ সালে। তিনি জানালেন, অনেক সমস্যা, হতাশা থাকলেও কখনো মুক্তিযোদ্ধা হিসেবে কারও কাছ থেকে কোনো সুবিধা তিনি নেননি, নিতেও চান না।
“তবে চোখের সামনে অনেককেই অন্যায়ভাবে ‘আঙ্গুল ফুলে কলাগাছ’ হতে দেখেছি। এটা আমাকে পীড়া দেয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২০৩০ ঘ.
bdnews24