২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার জলদস্যুদের লাশ মর্গে

ভোলার মনপুরা উপজেলায় সাগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১০ জলদস্যুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ভোলা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলার মনপুরা উপজেলায় সাগরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১০ জলদস্যুর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মনপুরার চরনিজাম পুলিশ ফাঁড়ি থেকে পুলিশের তত্ত্বাবধানে ভোলা সদর হাসপাতাল মর্গে লাশ গুলো আনা হয়। চরফ্যাশন থানার ওসি রিয়াজ হোসেন সাংবাদিকদের বলেন, “বেলা পৌনে ১২টার দিকে পুলিশের তত্ত্বাবধানে ১১টি লাশ চরফ্যাশনের সামরাজ মৎস্য ঘাটে আনা হয়। সেখান থেকে হোগলায় মুড়ে দুটি নসিমনে করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।” বুধবার পুলিশ-জলদস্যু বন্দকযুদ্ধে ১০ জলদস্যু ছাড়াও এক জেলে নিহত হন। নিহত ১০ জলদস্যুদের মধ্যে আট জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ভোলা সদরের ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামের হযরত আলীর ছেলে সামছু (২৫), একই গ্রামের শাহে আলমের ছেলে নূরনবী (২০), সেলিমের ছেলে হাসান (২০), বাবুলের ছেলে হেজু (১৮), মোস্তফার ছেলে শিহাব (২০), বজলু (২৫), ভোলা সদরের রাজাপুর ইউনিয়নের ক্লোজার বাজার এলাকার তফাজ্জলের ছেলে জাকির (৩২) ও সাতক্ষীরার বিশু। নিহত জেলে বিল্লালের বাড়ি মনপুরা উপজেলায়। ওসি রিয়াজ জানান, জলদস্যুদের লাশ দেখার জন্য সামরাজ মৎস্য ঘাটে হাজার হাজার মানুষ ভিড় জমায়। মেঘনা নদীকে জলদস্যুমুক্ত করার দাবিতে মিছিলও করে তারা। ভাসানচরের অদূরে সাগর মোহনায় পুলিশ ও জলদস্যুদের মধ্যে বন্দুকযুদ্ধ হয় বুধবার দুপুর ২টার দিকে। ঘটনাস্থল থেকে ২টি কাটা রাইফেল, দেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত ১১টায় চর নিজাম পুলিশ ফাঁড়িতে ওই ১১ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৫৬ ঘ.