২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে শনিবার হরতাল ডেকেছে বিএনপি

যশোরের ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম ‘অপহরণের’ পর নিহত হওয়ার ঘটনায় শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2011, 07:42 AM

Updated : 24 Aug 2022, 05:24 PM

যশোর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম ‘অপহরণের’ পর নিহত হওয়ার ঘটনায় শনিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম এই হরতালের ঘোষণা দেন। বুধবার রাতে ঢাকার মিরপুরে এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠান শেষে ধানমন্ডিতে নিজের বাসায় ফেরার সময় নিখোঁজ হন ৪৫ বছর বয়সী নাজমুল। বৃহস্পতিবার সকালে ঢাকা-মংমনসিংহ মহাসড়কের পাশে তার লাশ পাওয়া যায়। নাজমুলের চাচাতো ভাই কল্লোল জানান, যশোরে রাজনীতি করলেও ব্যবসা সূত্রে পরিবার নিয়ে ঢাকায় থাকতেন নাজমুল। সর্বশেষ রাত পৌনে ১২টার দিকে যশোরের আরেক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টি এএইচ আইয়ুবের সঙ্গে টেলিফোনে কথা হয় তার। ফোনে নাজমুল জানান, তাকে অপহরণ করা হচ্ছে। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “চোখে মলম দিয়ে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে আলামত পাওয়া গেছে।” এই ঘটনায় বিজয় দিবসের অধিকাংশ কর্মসূচিও স্থগিত করেছে যশোর জেলা বিএনপি। দলটির নেতারা জানান, শুক্রবার বিজয় দিবসের সকালে কেবল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। এদিকে নাজমুলের লাশ উদ্ধারের খবর সকালে যাশোরে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএনপি, ছাত্রদল ও যুবদল কর্মীরা তাৎক্ষণিকভাবে এর প্রতিবাদে শহরে মিছিল বের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩৩৫ ঘ.