২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রামীণ জীবনযাত্রা মেলা’ ১৮ ডিসেম্বর থেকে

জলবায়ু পরিবর্তন এবং কৃষিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দেশের ২৫টি অঞ্চলে আয়োজন করা হচ্ছে ‘গ্রামীণ জীবনযাত্রা মেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2011, 05:18 PM

Updated : 24 Aug 2022, 05:23 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তন এবং কৃষিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দেশের ২৫টি অঞ্চলে আয়োজন করা হচ্ছে ‘গ্রামীণ জীবনযাত্রা মেলা’। কৃষি ও জলবায়ু পরিবর্তনের বিষয়ে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এ মেলা আয়োজন করবে সামাজিক সংগঠন ‘গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান’ (সিএসআরএল)। সিএসআরএল সদস্য সচিব জিয়াউল হক মুক্তা বুধবার এক সংবাদ সম্মেলনে জানান, ১৮ ডিসেম্বর প্রথম মেলাটি হবে অনুষ্ঠিত হবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা প্রাইমারি স্কুল মাঠে। মেলা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। ঝিনাইদহ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, দিনাজপুর, খুলনা, বরগুনা, রংপুর, কুড়িগ্রাম, নোয়াখালী, গোপালগঞ্জ, সুনামগঞ্জ, সাতক্ষীরা, শরিয়তপুর, নাটোর, রাজশাহী, শেরপুর, গাইবান্ধা, টাঙ্গাইল, বরিশাল, যশোর, নওগাঁ এবং কিশোরগঞ্জ জেলার ২৫টি স্থানে মেলা আয়োজন করা হবে। ১৮ ডিসেম্বর থেকে ২৮ ফেব্র“য়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে এসব স্থানে মেলার আয়োজন থাকবে। সিএসআরএল সদস্য সচিব মুক্তা বলেন, “মেলার প্রাথমিক উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন এবং কৃষিতে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা।” তিনি জানান, মেলায় বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতিকে সামনে নিয়ে আসা হবে। এছাড়া কিষাণী এবং শিশুদের জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে। সংবাদ সম্মেলনে সিএসআরএল’র সাবেক সভাপতি এবং জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরিন আক্তার বলেন, কৃষিক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জাতীয় কৃষিনীতির খসড়া প্রস্তাবে কিছু অসঙ্গতি রয়েছে। তিনি বলেন, মূলত এ মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় তাদের নেওয়া উদ্যোগগুলোকে জনসম্মুখে নিয়ে আসা হবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অক্সফামের ক্যাম্পেইন কো-অরডিনেটর মুনিরুল ইসলাম, আহসান উদ্দিন আহমেদ, বদরুল আহসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/কিউএইচ/এমআই/২৩১৫ ঘ.